ধুনটে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ধুনটে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

বগুড়ার ধুনটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে করা মামলায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জহুরুল ইসলাম (৪৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ধুনট থানা থেকে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। জহুরুল ইসলাম পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের এরশাদ আলীর ছেলে। জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ধুনট হাইস্কুল খেলার মাঠ এলাকা থেকে ধুনট পৌর ছাত্রদলের সদস্য সচিব শেখ জাকারিয়া ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমানসহ ছাত্রদল নেতাকর্মীরা তাকে আটক করেন। পরে তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০শে নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। এ ঘটনায় গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ১০ই ডিসেম্বর ধুনট থানায় মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।