কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক দিনমজুরের আবাসিক বিদ্যুৎ মিটারে তিন মাসে বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। অথচ তার বাড়িতে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ খুবই সীমিত। ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেয়া, একটি বাতি জ্বালানো ও একটি ফ্যান চালানো ছাড়া উল্লেখযোগ্য কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করেন না তিনি। অস্বাভাবিক এই বিল নিয়ে বিদ্যুৎ অফিসে একাধিকবার গিয়েও প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। ভুক্তভোগী মো. ইউনুস আলী উপজেলার মধ্যপানিমাছকুটি ঈদগাহ মাঠ সংলগ্ন গ্রামের মৃত আফতাব আলীর ছেলে।
তার বিদ্যুৎ বিলের কাগজ অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ৪৬৫ ইউনিট ব্যবহারের বিপরীতে বিল এসেছে ২৩ হাজার ২৭ টাকা। অক্টোবর মাসে ৪২৯ ইউনিটের বিপরীতে ৯ হাজার ১৬০ টাকা এবং নভেম্বর মাসে ৫০৪ ইউনিটের বিপরীতে বিল এসেছে ১৭ হাজার ৮৪৩ টাকা। তিন মাসে মোট ১ হাজার ৩৯৮ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল দাঁড়িয়েছে ৫০ হাজার ৩০ টাকা। ইউনুস অভিযোগ করেন, অস্বাভাবিক বিলের বিষয়ে তিনি কয়েকবার বিদ্যুৎ অফিসে গিয়েছেন।
এজিএমসহ বিভিন্ন কর্মকর্তার কাছেও সমস্যার কথা জানিয়েছেন। কিন্তু প্রতিকার পাওয়ার পরিবর্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ তার। বাধ্য হয়ে ই বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন তিনি। এ বিষয়ে ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া বলেন, কোনো গ্রাহকের সমস্যা থাকলে অফিসে এসে অভিযোগ করবেন। আমরা প্রতি মাসে নিজেরাই ৫০ থেকে ১০০টি মিটার পরীক্ষা করে থাকি। কারও মিটারে সমস্যা থাকলে অভিযোগ করলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
৫০ হাজার টাকার বিল প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃতপক্ষে তার বিল যদি ৫০ হাজার টাকা এসে থাকে, তাহলে তাকে ৫০ হাজার টাকা পরিশোধ করতে হবে। তবে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা সংশোধন করা হবে। তবে একজন দিনমজুরের সীমিত বিদ্যুৎ ব্যবহারের পরও মাসে ৪০০ থেকে ৫০০ ইউনিটের বেশি ব্যবহার দেখানোর কারণ কী, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
