নারী শিক্ষার্থীদের ক্লাস নেয়া থেকে পুরুষ অধ্যাপকদের সরিয়ে দেয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ইরাকের দক্ষিণাঞ্চলের আল-কাদিসিয়া বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের প্রতিবাদে গত দুই সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন নারী শিক্ষার্থীরা। প্রায় ৪০০ শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
তাদের দাবি, অবিলম্বে পুরুষ অধ্যাপকদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে তালেবানশাসিত আফগানিস্তানের মতো নারী-পুরুষের বিভাজনমূলক নীতির সঙ্গে তুলনা করেছেন দেশটির নারী অধিকারকর্মী ও মানবাধিকারকর্মীরা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, নারী ও পুরুষের অবাধ মেলামেশা ঠেকাতেই পুরুষ অধ্যাপকদের নারী শিক্ষার্থীদের পড়ানো থেকে সরিয়ে দেয়া হয়েছে। নারী শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকেও এমন অনুরোধ জানানো হয়েছিল বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে শিক্ষার্থীরা এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন।
তাদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ে পুরুষ শিক্ষক রয়েছেন-এ বিষয়টি জেনেই তারা ভর্তি হয়েছিলেন। তাদের পরিবারও এ বিষয়ে অবগত ছিল এবং বরং শিক্ষার্থীদের প্রতিবাদকে সমর্থন করছে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের প্রতিবাদকে গুরুত্ব না দিয়ে উপহাস করেছে। এমনকি হঠাৎ করে শিক্ষকদের সরিয়ে দেয়ায় তাদের পড়াশোনা ও গবেষণায় যে সমস্যা তৈরি হয়েছে, তা নিয়েও আলোচনায় বসতে রাজি হয়নি কর্তৃপক্ষ।
২২ বছর বয়সী এক শিক্ষার্থী হুদা জানান, সহপাঠীদের নিয়ে প্রতিবাদ করতে গেলে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রাহি আল-ইয়াসিরি দেহরক্ষীদের নিয়ে তাদের পথ আটকে দেন। পরে দেহরক্ষীরা শিক্ষার্থীদের নিয়ে হাসাহাসি করেন এবং তাদের মুখের ছবি তোলেন।
হুদার দাবি, শিক্ষার্থীদের ভয় দেখানো এবং পরবর্তী সময়ে শাস্তি দেয়ার উদ্দেশ্যেই এমনটা করা হয়েছিল।
হুদা বলেন, তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে ইরাকি সমাজে নারী ও পুরুষ একসঙ্গে কাজ করেন। তিনি প্রশ্ন তোলেন, পুরুষ চিকিৎসকরা যদি নারী ও পুরুষ উভয় রোগীর চিকিৎসা করতে পারেন, তাহলে পুরুষ অধ্যাপকেরা কেন নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না?
জবাবে বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট বলেন, ‘তোমরা দেয়ালে মাথা ঠুকলেও আমি ওই অধ্যাপকদের ফিরিয়ে আনব না।’
শিক্ষার্থীদের দাবি, সরিয়ে দেয়া অধ্যাপকদের তত্ত্বাবধানে তাদের অনেকের স্নাতক পর্যায়ের গবেষণা ও সমাপনী প্রকল্প চলছিল। দীর্ঘদিন ধরে তারা এসব শিক্ষকের পাঠদান পদ্ধতির সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছেন। একই সঙ্গে শিক্ষকদেরও শিক্ষার্থীদের মেধা, দুর্বলতা ও কাজের ধরন সম্পর্কে ভালো ধারণা রয়েছে। ফলে পড়াশোনার শেষ পর্যায়ে এসে নতুন শিক্ষক নিয়োগ দেয়ায় তাদের গবেষণা ও শিক্ষাজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শিক্ষার্থীরা আরও জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বলেছে, এই পরিবর্তন পছন্দ না হলে তারা চাইলে পড়াশোনা ছেড়ে দিতে পারেন।
কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ইরাকি-ব্রিটিশ নারীবাদী গবেষক বালসাম মুস্তাফা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
তার মতে, নারী শিক্ষার্থীদের এমনভাবে বিবেচনা করা হচ্ছে, যেন তারা অপ্রাপ্তবয়স্ক এবং নিজেদের শিক্ষাজীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্তের বিরোধিতা করার কোনো অধিকার তাদের নেই।
তিনি বলেন, ইরাকে নারীর অধিকার সংকুচিত হওয়ার একটি উদ্বেগজনক প্রবণতার অংশ এই সিদ্ধান্ত। দেশটিতে নারীদের পোশাক ও শালীনতা নিয়ে আলোচনা ক্রমেই বাড়ছে। একই সঙ্গে আবায়া পরা নারী শিক্ষার্থীদের প্রশংসা করার প্রবণতাও দেখা যাচ্ছে।
ইরাকি আইনজীবী ও মানবাধিকারকর্মী ইসরা সালমান এই ধরনের বিধিনিষেধকে ‘সামাজিক বিপর্যয়’ বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, নারীদের প্রতিভা ও সক্ষমতা দমিয়ে রাখার চেষ্টা চলছে। যে ইরাকি সমাজ থেকে অসংখ্য মেধাবী মানুষ ও দক্ষ পেশাজীবী উঠে এসেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে নারীরা অগ্রণী ভূমিকা রেখেছেন, সেই সমাজকে তালেবানশাসিত কাবুলের মতো করে তোলার চেষ্টা করা হচ্ছে।
সালমানের মতে, এ ধরনের সিদ্ধান্ত ইরাকের সংবিধান এবং দেশটির স্বাক্ষর ও অনুসমর্থন করা আন্তর্জাতিক চুক্তি ও সনদেরও পরিপন্থি।
ইরাকের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পড়ানোর ক্ষেত্রে পুরুষ শিক্ষকদের ওপর এমন নিষেধাজ্ঞা দেশটিতে নারী শিক্ষার স্বাধীনতা, সমান অধিকার এবং উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
