রুশ তরুণী ও সুন্দরী মডেলদের প্রতি আকর্ষণ থেকেই কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের রাশিয়াযাত্রার শুরু। তবে সময়ের সঙ্গে সেই আগ্রহ কেবল নারী ও মডেল সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। রাশিয়ার ধনকুবের ব্যবসায়ী, প্রভাবশালী অলিগার্ক, সরকারি কর্মকর্তা এমনকি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছিলেন তিনি।
নিজের বিতর্কিত অতীত আড়াল করে আন্তর্জাতিক অভিজাত মহলে আবারও গ্রহণযোগ্যতা ফিরে পাওয়াই ছিল তার অন্যতম লক্ষ্য। কিন্তু পুতিনের সঙ্গে সাক্ষাতের স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ হয়নি। বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে রাশিয়ার সঙ্গে এপস্টিনের সম্পর্কের অজানা নানা দিক।
রয়টার্স জানিয়েছে, ২০০২ সালের নভেম্বরে নিজের ব্যক্তিগত উড়োজাহাজে রাশিয়া সফরে যান এপস্টিন। তার সঙ্গে ছিলেন বৃটিশ সমাজকর্মী ও অভিজাত পরিবারের সদস্য ঘিসলাইন ম্যাক্সওয়েল এবং ফরাসি মডেল সংগ্রাহক জ্যঁ-লুক ব্রুনেল। সেন্ট পিটার্সবার্গের বিখ্যাত আলেকজান্ডার প্রাসাদের ‘মভ রুম’ নামে পরিচিত বিশেষ কক্ষটি দেখার আগ্রহ থেকেই মূলত এই সফরের পরিকল্পনা করেছিলেন তিনি। তার এক ইন্টেরিয়র ডিজাইনার ম্যানহাটনের বাড়ির একটি অংশ ওই কক্ষের রঙে সাজানোর পরামর্শ দিয়েছিলেন।
মস্কোতে যাত্রাবিরতির সময় এপস্টিন ও তার সঙ্গীরা সশস্ত্র দেহরক্ষীসহ বুলেটপ্রুফ গাড়িতে করে একটি রেস্তোরাঁয় যান। সেখানে তাদের সঙ্গে যোগ দেন ম্যাক্সওয়েলের বন্ধু ও ধনকুবের চেচেন ব্যবসায়ী উমর জাবরাইলভ। রাতের খাবারের পর এপস্টিন গাড়িচালককে মস্কোর তভেরস্কায়া সড়ক ধরে গাড়ি চালাতে বলেন। উদ্দেশ্য ছিল রাতের বেলায় ওই সড়কে দাঁড়িয়ে থাকা যৌনকর্মীদের দেখা।
রয়টার্সের অনুসন্ধানে জানা গেছে, এপস্টিনের রাশিয়ায় যাওয়ার দুটি সফরের তথ্য পাওয়া গেছে। প্রথমটি ১৯৯৮ সালে, দ্বিতীয়টি ২০০২ সালে। তবে রাশিয়ার সঙ্গে তার যোগাযোগ শুধু এই দুটি সফরেই সীমাবদ্ধ ছিল না। নিউ ইয়র্ক, পাম বিচ এবং যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপপুঞ্জে নিজের ব্যক্তিগত দ্বীপ থেকে রাশিয়ার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন তিনি।
রুশ তরুণীদের নিয়ে যৌন পাচারের নেটওয়ার্ক
এপস্টিনের রাশিয়ামুখী আগ্রহের শুরু মূলত তরুণী মডেলদের ঘিরে। ১৯৮৯ সালে বার্লিন প্রাচীরের পতন এবং সোভিয়েত ইউনিয়নের উন্মুক্ত হওয়ার পর পূর্ব ইউরোপ ও সাবেক সোভিয়েত অঞ্চলে পশ্চিমা মডেল সংগ্রাহকদের আনাগোনা বাড়ে। এই সুযোগ কাজে লাগান ব্রুনেল। প্যারিসভিত্তিক কারিন মডেলসের হয়ে তিনি রাশিয়াসহ পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ থেকে তরুণীদের মডেলিংয়ের প্রলোভন দেখিয়ে ইউরোপে নিয়ে আসতেন।
১৯৯১ সালে প্যারিসে ব্রুনেলের আয়োজিত একটি পার্টিতে এপস্টিনের উপস্থিতির কথা জানিয়েছেন সাবেক ডাচ মডেল থিসিয়া হুইসম্যান। তার ভাষ্য অনুযায়ী, সেখানে কিশোরী বয়সী এক রুশ তরুণীকে এপস্টিনের কোলে বসে থাকতে দেখা যায়। মেয়েটি তাকে জানিয়েছিল, ব্রুনেল মডেল হওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে প্যারিসে এনেছেন এবং ‘জেফরি তার দেখাশোনা করেন’। মেয়েটির বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন হুইসম্যান। যদিও রয়টার্স ওই পার্টি বা মেয়েটির পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।
পরবর্তী সময়ে রুশ মডেল আনা মালোভার সঙ্গেও এপস্টিনের যোগাযোগ তৈরি হয়। ১৯৯৩ সালে ২২ বছর বয়সে মিস রাশিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন তিনি। ১৯৯৮ সালে ব্রুনেল তাকে নিউ ইয়র্কে নিয়ে আসেন।
১৯৯৯ সালের একটি ফ্লাইট রেকর্ডে দেখা যায়, এপস্টিনের ব্যক্তিগত উড়োজাহাজে ক্যারিবীয় অঞ্চল থেকে পাম বিচে যাত্রা করেছিলেন মালোভা। ওই উড়োজাহাজে ম্যাক্সওয়েল এবং তৎকালীন প্রিন্স অ্যান্ড্রুও ছিলেন।
রয়টার্সের অনুসন্ধানে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত অঞ্চল থেকে আসা অন্তত ১৭ জন নারীকে এপস্টিনের যৌন পাচার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে কয়েকজন এখনো তার নির্যাতন ও শোষণের বিচার চাইছেন।
২০০৩ সালে ব্রুনেল মিয়ামিতে কারিন মডেলস অব আমেরিকা নামে একটি মডেলিং এজেন্সি চালু করেন। দুই বছর পর নাম পরিবর্তন করে রাখা হয় এমসি২ মডেলস ম্যানেজমেন্ট। ফরাসি তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে ব্রুনেল জানিয়েছিলেন, এপস্টিন ওই প্রতিষ্ঠানের জন্য তিন লাখ ডলারের ঋণের নিশ্চয়তা দিয়েছিলেন। তবে রয়টার্স এ অর্থের উৎস বা পরিশোধের বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।
এমসি২ রাশিয়া থেকে বিপুলসংখ্যক মডেল সংগ্রহ করত। তাদের যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্রের ব্যবস্থা করা হতো এবং এপস্টিন তাদের থাকার জন্য অ্যাপার্টমেন্ট দিতেন।
এমনই একজন ছিলেন রুশ তরুণী স্বেতলানা পোজিদায়েভা। ২০০৮ সালে প্যারিসে এপস্টিনের সঙ্গে পরিচয়ের পর ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে যান তিনি। ভিক্টোরিয়াস সিক্রেটের মডেল হওয়ার সুযোগ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এপস্টিন। পরে তিনি এপস্টিনের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ শুরু করেন।
রয়টার্সকে পোজিদায়েভা জানান, এপস্টিন নিয়মিত তাকে যৌন নির্যাতন করতেন। তার ভিসা, বাসস্থান ও চিকিৎসার খরচ এপস্টিনের নিয়ন্ত্রণে থাকায় ধীরে ধীরে তিনি তার ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এসব খরচ আবার ঋণ হিসেবে তার নামে হিসাব করা হতো। পালিয়ে গেলে রাশিয়ায় থাকা তার পরিবারকে ক্ষতি করা হতে পারে-এমন আশঙ্কাও করতেন তিনি।
অলিগার্কদের সঙ্গে সম্পর্ক, লক্ষ্য পুতিন
২০০৮ সালে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর সঙ্গে যৌন অপরাধসহ পতিতাবৃত্তিসংক্রান্ত অভিযোগে দোষ স্বীকার করে ১৩ মাস কারাগারে ছিলেন এপস্টিন। কারামুক্তির পর রাশিয়ার ধনকুবের ও ক্ষমতাসীন মহলের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা আরও বাড়ান তিনি। নিজের অর্থনৈতিক দক্ষতা তুলে ধরে রুশ ব্যবসায়ীদের আর্থিক পরামর্শ দেয়ার প্রস্তাব দিতেন।
রুশ আবাসন খাতের ধনকুবের ভ্লাদিস্লাভ দোরোনিনের সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়। ২০১০ সালে দোরোনিনের দপ্তর মস্কোয় একটি দাতব্য অনুষ্ঠানে এপস্টিনকে আমন্ত্রণ জানিয়েছিল। পরে নিউ ইয়র্কে নিজের বাড়িতে দোরোনিনকে নৈশভোজে আপ্যায়ন করেন এপস্টিন। মস্কোয় একটি বহুমূল্যের আবাসন প্রকল্প নিয়েও তাকে পরামর্শ দেন।
ধাতু শিল্পের আরেক ধনকুবের ওলেগ দেরিপাস্কার সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিলেন এপস্টিন। সাবেক বৃটিশ মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের দেয়া সূত্র ধরে ২০১০ সালে তার সঙ্গে বৈঠকের উদ্যোগ নেয়া হয়। তবে শেষ পর্যন্ত তাদের সাক্ষাৎ হয়েছিল কি না, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।
২০১১ সালে রাশিয়া সফরের পরিকল্পনা করেছিলেন এপস্টিন। তার এক কর্মীর ই-মেইলে উল্লেখ ছিল, রুশ দেহরক্ষী ইগর জিনোভিয়েভ জানিয়েছিলেন, পুতিনের সঙ্গে এপস্টিনের একটি বৈঠক নির্ধারিত রয়েছে। তবে শেষ পর্যন্ত সফরটি বাতিল হয়। এপস্টিনের ঘনিষ্ঠ তিনজন জানিয়েছেন, পুতিনের সঙ্গে বৈঠক আদৌ নির্ধারিত হয়েছিল বলে তারা বিশ্বাস করেন না।
২০১৪ সালে প্যারিসে রাশিয়ার তৎকালীন উপ-অর্থমন্ত্রী সের্গেই বেলিয়াকভের সঙ্গে পরিচয় হয় এপস্টিনের। পরবর্তী সময়ে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। ২০১৫ সালে নিউ ইয়র্কে নিজের বাড়িতে বেলিয়াকভের সঙ্গে ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের পরিচয় করিয়ে দেন তিনি। এরপর বারাককে অনুরোধ করেন, পুতিন ও তার উপদেষ্টাদের কাছে এপস্টিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব পৌঁছে দিতে। বৈঠকে বিশ্ব অর্থনীতি, মুদ্রাবাজার ও আর্থিক ব্যবস্থা নিয়ে আলোচনা করার কথা ছিল। তবে বারাক সেই বার্তা পাঠাননি বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী সুলতান আহমেদ বিন সুলায়েমের মাধ্যমেও রাশিয়ার শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলেন এপস্টিন। ২০১৫ সালে বিন সুলায়েম পুতিনের সঙ্গে বৈঠক করেন। রাশিয়ার বন্দর ব্যবস্থাপনার সুযোগ নিয়ে তাদের আলোচনা হয়েছিল। পরে এপস্টিন তার এক সহকারীর ভাইয়ের জন্য চাকরির ব্যবস্থা করে দিতে বিন সুলায়েমকে অনুরোধ করেন।
পুতিনের সঙ্গে সাক্ষাৎ অধরাই
রয়টার্সের অনুসন্ধানে এপস্টিনের রুশ গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা, রুশ সরকারের পক্ষে তৎপরতা চালানো কিংবা পুতিনের সঙ্গে সাক্ষাতের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে রাশিয়ার প্রভাবশালী ব্যবসায়ী ও কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক তৈরির জন্য তার দীর্ঘ প্রচেষ্টার প্রমাণ মিলেছে। এ বিষয়ে রয়টার্স দুই ডজনের বেশি ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের শত শত পৃষ্ঠার নথি, ফ্লাইট রেকর্ড, আদালতের নথি ও ই-মেইল পর্যালোচনা করেছে।
২০১৯ সালে অপ্রাপ্তবয়স্কদের যৌন পাচারের অভিযোগে গ্রেপ্তারের পর ৬৬ বছর বয়সে নিউ ইয়র্কের কারাগারে মারা যান এপস্টিন। তার মৃত্যু আত্মহত্যা হিসেবে ঘোষণা করা হয়। তার সহযোগী ব্রুনেল ২০২২ সালে প্যারিসের কারাগারে মারা যান। আর এ বছরের মার্চে মস্কোয় নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় জাবরাইলভকে। রুশ গণমাধ্যমের বরাতে ঘটনাটিকে সম্ভাব্য আত্মহত্যা বলা হয়।
এপস্টিনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে রহস্য ও নানা ষড়যন্ত্রতত্ত্ব থাকলেও রুশ গোয়েন্দা সংস্থার সঙ্গে তার যোগসূত্রের কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। তবে তার রেখে যাওয়া যৌন নির্যাতন ও পাচারের শিকার নারীরা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।
এপস্টিনের রাশিয়াপ্রীতির আরেকটি অদ্ভুত স্মারক রয়ে গেছে নিউ ইয়র্কের ম্যানহাটনে তার বাড়িতে। ২০০২ সালে সেন্ট পিটার্সবার্গ সফরের পর বাড়িতে ফিরে মূল সিঁড়ির দেয়ালগুলো এমন রঙে সাজিয়েছিলেন, যা অনেকটা আলেকজান্ডার প্রাসাদের সেই বিখ্যাত ‘মভ রুম’-এর রঙের মতো। যে কক্ষ দেখার আগ্রহ থেকে তার রাশিয়াযাত্রা শুরু হয়েছিল, শেষ পর্যন্ত সেই রঙই যেন তার বাড়িতে রয়ে গেছে।
