অবরোধ ঘিরে পাহারা ধাওয়ার পর প্রাণ গেল ছাত্রদল নেতার

অবরোধ ঘিরে পাহারা ধাওয়ার পর প্রাণ গেল ছাত্রদল নেতার

ফন্ট সাইজ:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজিম সরকার নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় দুই ছাত্রদল কর্মীসহ আহত হয়েছেন চারজন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের উপজেলার পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিম সরকার (১৭) উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের শহীদ সরকারের ছেলে। গফরগাঁও সরকারি কলেজ থেকে চলতি বছর সে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তার চাচাতো ভাই আজমল হুদা উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক। এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অবরোধ কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার রাতে উপজেলার প্রবেশমুখ শিবগঞ্জ বাজারে পাহারা বসান স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা।

রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে একটি প্রাইভেটকার ওই পথে আসলে ছাত্রদল নেতা আজিমসহ কয়েকজন নেতাকর্মী গাড়িটি থামিয়ে তল্লাশি চালানোর জন্য সংকেত দেন। এ সময় চালক গাড়ির গতি বাড়িয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। সন্দেহ হলে আজিম সরকারসহ ছাত্রদলের তিনজন নেতাকর্মী একটি মোটরসাইকেলে করে প্রাইভেটকারটির পিছু নেন। প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার ধাওয়া করার পর পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় গাড়িটির গতিরোধের চেষ্টা করেন তারা। এ সময় মোটরসাইকেলটি প্রাইভেট কারের সামনে গিয়ে ব্রেক করলে গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক আজিম সরকার ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলে থাকা ছাত্রদল কর্মী রিফাত (২৮) ও পাভেল (২২) এবং প্রাইভেটকারের যাত্রী নান্দাইল উপজেলার চর ভেলামারি গ্রামের আলমগীর (২৬) ও তার স্ত্রী লিমা (২৪) আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত ছাত্রদলকর্মী রিফাত ও পাভেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং আলমগীর ও লিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ছাত্রদল নেতা আজিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর জরুরি কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. লাবিবা হক বলেন, পরীক্ষা নিরীক্ষা করে আহতদের মধ্যে আজিম নামে একজনকে মৃত ঘোষণা করা হয়। দুঘর্টনায় আহত প্রাইভেটকারের যাত্রী আলমগীর জানান, অবরোধের কারণে অবরোধ শেষে রাতে শ্রীপুর মাস্টারবাড়ি থেকে রওনা হয়ে স্ত্রী-সন্তানসহ তারা গ্রামের বাড়ি যাচ্ছিলেন। শিবগঞ্জ বাজারের কাছে কয়েকজন লোক তাদের গাড়ি থামাতে বলে, তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। ভয়ে ড্রাইভার গাড়ি না থামিয়ে বেপরোয়া গতিতে গাড়ি টান দেয়। দুর্ঘটনার পর ড্রাইভার পালিয়ে যায়। তাদের শিশু সন্তান অক্ষত আছে। গফরগাঁও থানায় ওসি মো. মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।