ব্রিজ তো নয়, যেন মরণফাঁদ। ব্রিজে নেই দু’পাশের রেলিং। পাটাতনের অনেক বড় জায়গা জুড়ে ভেঙে গেছে। দেখলেই ভয়ে আঁতকে ওঠে বুক। বন্ধ রয়েছে ভারী যান চলাচলও। শুধু পাটাতন নয়, বিশাল গর্ত রয়েছে ব্রিজের মুখেও। যেকোনো মুহূর্তে ধসে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এতে করে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ১০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। তবুও পুরাতন এই ব্রিজটি ভেঙে নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। সরজমিন ঘুরে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের আলেপের তেপতি থেকে সন্তোষপুর, নাওডাঙ্গাপাড়া, কুটি নাওডাঙ্গা স্কুলেরহাট, তালেবেরহাট হয়ে বয়তুল্যার মোড়ের মাঝামাঝি নাওডাঙ্গা ও নিমকুশ্যা বিলের উপর নির্মিত এই ব্রিজ। ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে নেওয়াশী, রায়গঞ্জ, সন্তোষপুর, রামখানা ইউনিয়নের ব্যাপারীহাট এলাকাসহ ৪ ইউনিয়নের প্রায় ১০ গ্রামের ২০ হাজার মানুষ।
এ ছাড়াও কয়েকটি স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে। ব্রিজের করুণ অবস্থা হওয়ায় ভয়ে স্কুলেও যেতে চায় না কোমলমতি শিক্ষার্থীরা। যেন এসব এলাকার মানুষের ভাগ্যের বিপরীতে এই ব্রিজ। তাদের ব্যবসা-বাণিজ্য, কৃষিকাজ, হাটবাজার করাসহ বাচ্চাদের স্কুলে যাতায়াত বড় কষ্টের। অবিলম্বে ব্রিজটি ভেঙে নতুন ব্রিজ নির্মাণ করে ব্রিজ থেকে আলেপের তেপতি সড়কের তালতলা পর্যন্ত কাঁচা রাস্তাটির পাকাকরণের জোর দাবি জানান স্থানীয়রা। উপজেলা প্রকৌশলী জানান, বিষয়টি আমি অবগত নই। তবে সরজমিন তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
