নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যম হ্যাক থেকে প্রেমের ফাঁদ, ভুয়া দুর্ঘটনার খবর থেকে পুলিশ ও প্রশাসনের পরিচয়ে টাকা আদায়সহ নানা কৌশলে প্রতারণার জাল বিস্তার করছে প্রতারক চক্রগুলো। এক সময় ইমো হ্যাকিংয়ের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত এ অঞ্চলে এখন প্রতারণার ধরন বদলে যুক্ত হয়েছে ব্ল্যাকমেইল, ব্যাংক রসিদ জালিয়াতি ও মোবাইল ব্যাংকিংয়ের ওটিপি হাতিয়ে নেয়ার মতো অপরাধ। থানা সূত্রে জানা যায়, গত সাত মাসে এসব ঘটনায় প্রায় ১১০ জনকে আটক ও সাইবার সুরক্ষা আইনে ৩৫টি মামলা করেছে পুলিশ। গত ১৫ই নভেম্বর লালপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ এক ফেসবুক বার্তায় সতর্ক করে জানান, তার নাম ও ছবি ব্যবহার করে ‘ওসি লালপুর থানা, নাটোর’ পরিচয়ে ফেসবুক, ইমো ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে পুলিশি বিভিন্ন বিষয়ের কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে প্রতারক চক্র। এর আগে ১লা নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলামের ভুয়া পরিচয়ে টাকা দাবির ঘটনাও ঘটে। পরে ফেসবুক পোস্টে তিনি সবাইকে সতর্ক করে লেনদেন না করার অনুরোধ জানান।
৭ মাস আগে রাজধানীর বাসিন্দা এক ইতালি প্রবাসীর সঙ্গে মেয়ে কণ্ঠ নকল করে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন উপজেলার গণ্ডবিল গ্রামের শান্ত ইসলাম। মোবাইলে অডিও কলে বিয়ের নাটক সাজিয়ে ভুয়া স্ত্রী পরিচয়ে তার কাছ থেকে সাড়ে তিন লাখ টাকার বেশি হাতিয়ে নেয় সে। গত ৭ই অক্টোবর পুলিশের অভিযানে শান্ত আটক হওয়ার পর বিষয়টি জানতে পারেন ওই প্রবাসী। অক্টোবরের প্রথম সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার আলো আক্তার (২৮) ইমোতে ফোন পেয়ে জানতে পারেন, তার সৌদি প্রবাসী স্বামী মুসলিম মিয়া সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য দ্রুত পাঁচ লাখ টাকা পাঠাতে বলা হয় একটি বিকাশ নম্বরে। পরে স্বামীর ইমো অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি জানতে পারেন তিনি। বিষয়টি নিশ্চিত করে মুসলিম মিয়া মানবজমিনকে জানান, একইভাবে অক্টোবরের মাঝামাঝি তার গ্রামের আরেক সৌদি প্রবাসী আ. কুদ্দুসের স্ত্রীর কাছ থেকে ৪০ হাজার টাকা নেয়া হয়। জানা যায়, প্রথমে প্রবাসীদের সঙ্গে অনলাইনে সম্পর্ক গড়ে তোলে প্রতারকরা। পরে বিভিন্ন অ্যাপস, লিংক ডিভাইস, স্ক্রিন শেয়ার বা ওটিপি হাতিয়ে নিয়ে তাদের ইমো-হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণ নেয় চক্রগুলো। এরপর প্রবাসীদের পরিচিত আত্মীয়স্বজন ও বিকাশ এজেন্টদের কাছে টাকা চেয়ে পাঠানো হয়। আবার মেয়ে কণ্ঠে কথা বলে ডাউনলোড করা নগ্ন ভিডিও প্রদর্শন এবং ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়ার হুমকিতে ব্ল্যাকমেইল করা হয়।
ওসি শফিকুল ইসলাম পলাশ মানবজমিনকে বলেন, গত ৭ মাসে প্রতারণায় ব্যবহৃত দুই শতাধিক মোবাইল ফোন ও সিম কার্ডসহ বিভিন্ন ডিভাইস জব্দ ও ১১০ জনকে আটক করা হয়েছে। বিলমাড়িয়া ও দুড়দুড়িয়া ইউনিয়নসহ কয়েকটি গ্রাম এবং পাশের বাঘা উপজেলার কিছু এলাকায় চক্রের তৎপরতা সবচেয়ে বেশি। এ ছাড়া আটক ব্যক্তিদের ছাড়ানো ও দ্রুত জামিনের জন্য চক্রটির গোপন সংগঠন এবং স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও রাজনৈতিক নেতাদের একাংশের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়িয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টুর পৃষ্ঠপোষকতায় ইমো হ্যাকিং চক্র গড়ে ওঠার অভিযোগ রয়েছে। মিন্টু অভিযোগ অস্বীকার করে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে দায়ী করেছেন। তবে আত্মগোপনে থাকায় এ বিষয়ে আজাদের বক্তব্য পাওয়া যায়নি।
