শায়েস্তাগঞ্জে খোয়াই নদীতে মাছ ধরার উৎসব

ফন্ট সাইজ:

বর্ষা শেষে হবিগঞ্জের খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। নদীর বুকে জেগে উঠেছে ছোট-বড় চর, উন্মুক্ত হয়েছে পাথরের স্তূপ। কোথাও অগভীর পানিতে, আবার কোথাও পাথরের ফাঁকে ফাঁকে আটকে রয়েছে দেশি মাছ। আর এ সুযোগকে ঘিরেই খোয়াই নদী জুড়ে শুরু হয়েছে মাছ ধরার উৎসব। প্রতিদিন শত শত মানুষ জাল ও খালি হাতে মাছ ধরতে নদীতে নামছেন। শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে নদীর দুই পাড়। প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ, পুরান বাজার ব্রিজ, রেললাইন আলাপুর, কলিমনগর ও লেঞ্জাপাড়া এলাকায় মাছ ধরতে ভিড় করছেন স্থানীয়রা। কারও হাতে ঠেলা জাল, কারও হাতে ঝাঁকি জাল।

আবার কেউ পাথরের ফাঁকে হাত ঢুকিয়ে খুঁজছেন মাছ। দল বেঁধে মাছ ধরার এমন দৃশ্য নদীপাড়ে সৃষ্টি করেছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নদীর পানি কমে যাওয়ায় অগভীর অংশ ও পাথরের ফাঁকে আটকে পড়া দেশি মাছ সহজেই ধরা পড়ছে। এসব মাছের মধ্যে রয়েছে পুঁটি, টেংরা, বাইম, লাছো, কেরি, ছেলাপাতি, মৃগেল ও গুচি বাইমসহ বিভিন্ন প্রজাতির মাছ। আলাপুরের বাসিন্দা রহমত মিয়া বলেন, প্রতি বছর এই সময়ে নদীর পানি কমলে আমরা মাছ ধরতে আসি। কেউ আনন্দের জন্য মাছ ধরেন, আবার কেউ মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। পরিবারের সদস্যদের নিয়ে নদীতে মাছ ধরার মধ্যে আলাদা আনন্দ রয়েছে। সরজমিন নদীর পাড়ে গিয়ে দেখা যায়, কেউ জাল টেনে মাছ তুলছেন, কেউ পানিতে ডুব দিয়ে মাছ খুঁজছেন, আবার কেউ খালি হাতে পাথরের ফাঁক থেকে মাছ ধরছেন। ছোট-বড় মাছ ধরা পড়লেই আনন্দে মেতে উঠছেন সবাই। শিশু-কিশোরদের পাশাপাশি বয়স্করাও অংশ নিচ্ছেন এই আয়োজনে।