হোটেল-রেস্তরাঁয় কম মজুরিতে চাকরি, নবীগঞ্জে বাড়ছে শিশুশ্রম

ফন্ট সাইজ:

দিন দিন বাড়ছে শিশুশ্রম। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে ছোট-বড় দোকান, চায়ের স্টল, হোটেল, ওয়ার্কশপ ও ফুটপাথে অহরহ দেখা মিলছে শিশু শ্রমিকদের। যে বয়সে তাদের হাতে বই-খাতা থাকার কথা, সেই বয়সে জীবিকার তাগিদে তাদের হাতে উঠেছে চায়ের কাপ, প্লেটসহ নানান কাজের সরঞ্জাম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব শিশু বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে। কেউ চা বানাচ্ছে, কেউ টেবিল পরিষ্কার করছে, কেউ দোকানের মাল বহন করছে, আবার কেউ হোটেলে প্লেট ধোয়ার কাজ করছে। স্থানীয় ইউপি সদস্য শাহ সুলতান আহমদ বলেন, শিশুশ্রমের পেছনে মূল কারণ দারিদ্র্য। অনেক পরিবার এতটাই অসচ্ছল যে, তাদের সন্তানদের স্কুলে পাঠানোর পরিবর্তে কাজে পাঠাতে বাধ্য হচ্ছে।

একজন সচেতন ব্যক্তি বলেন, একটা শিশুকে দৈনিক ১০০ থেকে ১৫০ টাকা মজুরি দিয়ে সারাদিন কাজ করানো যায়। অথচ একজন প্রাপ্তবয়স্ক শ্রমিককে দিতে হয় ৪০০ থেকে ৫০০ টাকা। এ কারণে অনেক মালিক শিশুদের দিয়েই কাজ করায়। উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, অনেক শিশু একসময় স্কুলে পড়াশোনা করতো। কিন্তু পরিবারের আর্থিক সংকটের কারণে পড়াশোনা ছেড়ে এখন সকাল থেকে রাত পর্যন্ত দোকানে কাজ করছে। চৌদ্দ বছর বয়সী এক শিশুশ্রমিক জানায়, স্কুলে যেতে তার ভালো লাগতো। কিন্তু বাবা অসুস্থ হওয়ায় সংসারের খরচ চালাতে তাকে দোকানে কাজ করতে হচ্ছে। আরেক শিশুশ্রমিক বলে, সারাদিন কাজ করতে হয়। কাজের সময় হাত পুড়ে গেলেও জীবিকার তাগিদে কাজ চালিয়ে যেতে হয়। সচেতন মহলের মতে, শিশুশ্রম একটি শিশুদের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে।

ফলে তারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে এবং স্বাভাবিক মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের শিক্ষা ও নিরাপদ শৈশব নিশ্চিত করা জরুরি। স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা উপজেলার বিভিন্ন বাজার ও গ্রামাঞ্চলের বিত্তশালীদের বাসাবাড়িতে শিশুশ্রম বন্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। পাশাপাশি শিশুদের কাজে নিয়োগ দেয়া দোকান-মালিকদের জরিমানা ও সতর্ক করা এবং দরিদ্র পরিবারের শিশুদের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করে বিদ্যালয়ে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা।