মাস শেষে পারিশ্রমিক পান ৯ হাজার টাকা। এর মধ্যে প্রায় ৪ হাজার টাকাই চলে যায় যাতায়াতে। বাকি ৫ হাজার টাকায় চলে সংসার। এই সামান্য টাকায় সন্তানদের মুখে খাবার তুলে দেয়া, পরিবারের খরচ মেটানোই তাদের কাছে বড় চ্যালেঞ্জ। একটু সচ্ছলতার আশায় সরকারের কর্মসূচিতে যুক্ত হয়েছিলেন দরিদ্র এসব নারী। কিন্তু এখন নিজের ইউনিয়ন ছেড়ে অন্য ইউনিয়নে গিয়ে করতে হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানের সড়ক উন্নয়নকাজ। কাজ না থাকলে ব্যক্তিগত বাসাবাড়ির কাজেও পাঠানোর অভিযোগ রয়েছে। প্রতিবাদ করার সাহস নেই। কারণ, কাজ হারালে বন্ধ হয়ে যাবে সংসারের একমাত্র আয়ের পথ। সরকারি কর্মসূচিতে কাজ করেও যেন তারা নিজের শ্রমের পুরো মূল্যটুকু পাচ্ছেন না। সুনামগঞ্জের জামালগঞ্জে দরিদ্র নারীদের কর্মসংস্থান ও গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের জন্য সরকারের এলসিএস (লেবার কন্ট্রাক্টিং সোসাইটি) কর্মসূচির শ্রমিকদের দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ করানোর এমন চিত্র উঠে এসেছে অনুসন্ধানে।
প্রায় ২ কোটি ৭০ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে জামালগঞ্জ থেকে মান্নানঘাট পর্যন্ত চলমান সড়ক উন্নয়নকাজে ব্যবহার করা হচ্ছে এসব নারী শ্রমিককে। কাজটি পেয়েছে সারোয়ার জাহান প্রাইভেট লিমিটেড। প্রকল্পের আওতায় সড়কের পাশের স্লোপে মাটি ভরাটের জন্যই বরাদ্দ রয়েছে প্রায় ১৩ লাখ টাকা। অথচ সেই মাটি ভরাটের কাজ করছেন সরকারি কর্মসূচির আওতায় নিয়োজিত দরিদ্র নারীরা। প্রশ্ন উঠেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ সরকারি কর্মসূচির শ্রমিক দিয়ে করানো হলে প্রকল্পের বরাদ্দকৃত অর্থের হিসাব কীভাবে হচ্ছে? ঠিকাদারের বিল থেকে কি এই শ্রমের ব্যয় বাদ যাচ্ছে, নাকি একই কাজের জন্য সরকারি অর্থ ও প্রকল্পের বরাদ্দ- দুই দিক থেকেই ব্যয় দেখানোর সুযোগ তৈরি হচ্ছে। সরজমিন দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে ৩৫ থেকে ৪০ বছর বয়সী প্রায় ৪০-৫০ জন নারী শ্রমিক মাটি কাটছেন। সড়কের ঢাল থেকে মাটি তুলে সড়কের স্লোপে ফেলছেন তারা।
কোথাও কোথাও সড়কের ঢালের মাত্র ৫ ফুটের মধ্যে গর্ত করে মাটি উত্তোলন করা হচ্ছে। এতে সড়কের পাশের মাটির স্থায়িত্ব নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। কাজের স্থানে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি’র কমিউনিটি অর্গানাইজার (সিও) ঝনিক চন্দ্র দাস এবং এলসিএসের সুপারভাইজার মো. কামাল হোসেন। তাদের উপস্থিতিতেই শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছিল। অনুসন্ধানে জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়নে ৯ জন করে মোট ৫৪ জন নারী এলসিএস কর্মসূচির আওতায় নিয়োজিত রয়েছেন। তাদের দায়িত্ব গ্রামীণ সড়কের ছোটখাটো মেরামত ও রক্ষণাবেক্ষণ। অথচ নিজ নিজ ইউনিয়নে কাজের সুযোগ থাকা সত্ত্বেও তাদের অন্য ইউনিয়নে নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্পে কাজ করানো হচ্ছে। এতে প্রতিদিন যাতায়াতেই খরচ হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা। মাসিক ৯ হাজার টাকা পারিশ্রমিকের প্রায় অর্ধেকই ব্যয় হচ্ছে কর্মস্থলে পৌঁছাতে। নাম প্রকাশ না করার শর্তে এক নারী শ্রমিক বলেন, আমাদের নিজ ইউনিয়নেই কাজের অভাব নেই। অথচ অন্য ইউনিয়নে নিয়ে আসা হয়েছে। প্রতিদিন যাতায়াতে অনেক টাকা খরচ হয়। কোনো সপ্তাহে কাজ না থাকলে তাদের বাসাবাড়ির কাজও করতে হয়।
চাকরি হারানোর ভয়ে কিছু বলতে পারি না। আমাদের নাম প্রকাশ করবেন না। সরকারের এলসিএস কর্মসূচির মূল উদ্দেশ্য দরিদ্র জনগোষ্ঠীকে শ্রমের বিনিময়ে কর্মসংস্থানের সুযোগ দেয়া এবং গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণে তাদের সম্পৃক্ত করা। অথচ সেই কর্মসূচির শ্রমিকদের দিয়ে বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্পের কাজ করানোর ঘটনায় সরকারি কর্মসূচির উদ্দেশ্য, অর্থের ব্যবহার ও প্রশাসনিক জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। প্রকল্পের প্রাক্কলনে মাটি ভরাটের জন্য প্রায় ১৩ লাখ টাকা বরাদ্দ থাকলে সেই কাজের শ্রমিক হিসেবে সরকারি কর্মসূচির নারীদের ব্যবহার করার ভিত্তি কী। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, হাওরাঞ্চল জামালগঞ্জের গ্রামীণ সড়কগুলোর বেহাল দশায় সাধারণ মানুষ যখন চরম দুর্ভোগে, তখন সড়ক রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত শ্রমিকদেরই অন্য প্রকল্পে ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে এলসিএসের সুপারভাইজার মো. কামাল হোসেন বলেন, আমাদের কাজ হলো ভাঙা রাস্তা মেরামত করা। কোনো রাস্তা জরুরি ভিত্তিতে চলাচলের অনুপযোগী হলে আংশিক মেরামত করে মানুষের চলাচলের উপযোগী করা। তবে উপজেলা ইঞ্জিনিয়ার স্যার আমাদের এখানে পাঠিয়েছেন। উপজেলা এলজিইডি’র কমিউনিটি অর্গানাইজার (সিও) ঝনিক চন্দ্র দাস বলেন, আমি জানি, চলমান প্রজেক্টে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে এলসিএসের লোক দিয়ে কাজ করানো ঠিক না। তবে উপজেলা ইঞ্জিনিয়ারের নির্দেশে আমাকে কাজ করাতে হচ্ছে।
সড়কের স্লোপের পাঁচ ফুটের মধ্যে মাটি কাটার বিষয়ে তিনি বলেন, এতদিন সারা রাস্তায় এভাবে করানো হয়েছে। তবে এখন থেকে আর করাবো না। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, এলসিএসের লোকজন বসে বসে সরকারের টাকা নিচ্ছে। তাই তাদের কাজে লাগানো হয়েছে। এই কাজটা ঠিকাদারের লোকসান হবে। কারণ, ইস্টিমেট আগে ধরা হয়েছে, আর এখন সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে। ঠিকাদারকে সহযোগিতা করতেই তাদের কাজে লাগানো হয়েছে। তবে শ্রমিকদের যাতায়াত ব্যয়ের বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। ব্যক্তিগত বাসাবাড়ির কাজে এলসিএসের নারী শ্রমিকদের ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আগের ইঞ্জিনিয়ার ও অফিসের স্টাফরা এমন করতেন, এখন এসব হয় না। সড়কের স্লোপের কাছাকাছি গর্ত করে মাটি কাটার বিষয়ে দুঃখপ্রকাশ করেন তিনি।
