মানিকগঞ্জের শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে নদীভাঙনে চলতি বছরেই শতাধিক পরিবার বসতভিটা হারিয়েছে। সরজমিন উপজেলার কেডিসি টাওয়ারের উত্তরে আলোকদিয়া হঠাৎপাড়া এলাকায় সাতটি ড্রেজারে বালু উত্তোলন করতে দেখা গেছে। স্থানীয়দের দাবি, চলতি বছরেই নদীভাঙনে ভাধুরিপাড়া ও নগীরপাড়ার শতাধিক পরিবার বসতভিটা হারিয়েছেন। তথ্য অনুযায়ী, ভাধুরিপাড়া এলাকাটি প্রায় পুরোপুরি নদীভাঙনে বিলীন হয়ে গেছে। চলতি বছর সেখানে প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার ঘরবাড়ি হারিয়েছে। একইসময়ে নগীরপাড়ায় প্রায় ৪০টি পরিবার বসতভিটা হারিয়েছে। এসব পরিবারের অনেকেই জমিজমা ও ফসলি জমিও হারিয়েছেন বলে জানান তারা। ভাঙন এখনো অব্যাহত থাকায় নতুন করে বসতভিটা হারানোর আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। এদিকে আলোকদিয়া হঠাৎপাড়া এলাকায় বালু উত্তোলনকারী চক্রের বিরুদ্ধে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক আলোকদিয়া চরের এক বাসিন্দা বলেন, ওরা অনেক বড় চক্র। ওদের সঙ্গে পারা কঠিন।
আমাদের হঠাৎপাড়াকে ২৫ দিন সময় দিয়েছে। বলেছে, এখান থেকে চলে যেতে। ২৫ দিন পর বালু কেটে পাড়া উঠিয়ে দেয়া হবে বলে তারা ঘোষণা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার আরেক বৃদ্ধ বাসিন্দা অভিযোগ করে বলেন, যারা আগে বালু উত্তোলনে বাধা দিয়েছিলেন, তাদের নামে ৪০ লাখ টাকা আত্মসাতের মামলা করা হয়েছিল। নিরাপত্তাহীনতার কারণে অনেকে এখন পর্যন্ত পালিয়ে বেড়াচ্ছেন। তার দাবি, একটি সংঘবদ্ধ চক্র মাটি কাটার সঙ্গে জড়িত। স্থানীয়দের ভাষ্য, ভাঙন ও হুমকির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সাতটি ড্রেজার দিয়ে প্রকাশ্যে বালু উত্তোলন চললেও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
তাদের আশঙ্কা, বালু উত্তোলন বন্ধ না হলে হঠাৎপাড়াসহ আশপাশের জনবসতি নতুন করে ভাঙনের মুখে পড়বে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রাণী কর্মকার জানান, এ বিষয়ে তারা অবগত নন। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ অবস্থায় অবিলম্বে বালু উত্তোলন বন্ধ, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত এবং হুমকির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
