গোবিন্দগঞ্জে ডিজিটাল প্রতারণার ফাঁদে লুট হচ্ছে লাখ লাখ টাকা

ফন্ট সাইজ:

দেশে বাড়ছে ডিজিটাল লেনদেন। ক্যাশলেস হওয়ায় ক্রমেই জনপ্রিয় হচ্ছে এ মাধ্যম। একই সঙ্গে বাড়ছে ডিজিটাল প্রতারণাও। প্রতারকচক্র প্রতিনিয়ত কৌশল বদলে ফাঁদে ফেলে লুটে নিচ্ছে লাখ লাখ টাকা। আর টাকা খুইয়ে পথে বসছে অনেক নিরীহ মানুষ। ডিজিটাল লেনদেনের মাধ্যম হিসেবে মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং বেশ এগিয়ে। কার্ডেও লেনদেন বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। টাকা হাতিয়ে নেয়ার ক্ষেত্রে চক্রটি মোবাইল ব্যাংকিংকে বেছে নিচ্ছে প্রধান হাতিয়ার হিসেবে।

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জে আটক হয় ওই প্রতারক চক্রের চারজন। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। কিন্তু সম্প্রতি আদালতেও প্রতারণার মাধ্যমে বয়স্ক দু’জন ব্যক্তিকে শিশু দেখিয়ে জামিন নিয়েছেন আইনজীবী। ইতিমধ্যে ওই আইনজীবীকে শোকজ করা হয়েছে। বিষয়টি নিয়ে আদালত পাড়ায় সমালোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে নজরদারি থাকলেও ডিজিটাল প্রতারণার এসব মাধ্যম ব্যক্তিগত হওয়ায় পুলিশের নজরদারির সুযোগ খুবই কম। সুযোগ না থাকায় এই মাধ্যমগুলোতে হয়তো প্রতারণা হচ্ছে।
সম্প্রতি মাহবুবুর রহমানের বিকাশ নম্বরে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির নম্বর থেকে ফোন আসে। ফোন রিসিভ করতেই অপরপ্রান্ত থেকে বলা হয়, আপনার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। বিকাশ অফিস থেকে ফোন দিয়ে অ্যাকাউন্টটি ঠিক করে দেবে। এরপর বিকাশ অফিসের কর্মীর পরিচয়ে তার নম্বরে কল আসে। অন্য একটি নম্বরে তথ্য দিতে বলে। মেসেজের মাধ্যমে ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টের তথ্য দেন তিনি। ভেরিফিকেশন কোড চাইলে তাও দিয়ে দেন মাহবুবুর। এরপর তার বিকাশ থেকে ২ লাখ ২৪ হাজার টাকা তুলে নেয় প্রতারক। আরেক ভুক্তভোগী শাকিল খন্দকারের বিকাশ নম্বরে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির নম্বর থেকে ফোন আসে। ফোন রিসিভ করতেই অপরপ্রান্ত থেকে বলা হয়, আপনার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। বিকাশ অফিস থেকে ফোন দিয়ে অ্যাকাউন্টটি ঠিক করে দেবে। এরপর বিকাশ অফিসের কর্মীর পরিচয়ে তার নম্বরে কল আসে। একইভাবে তার ফোন থেকে ১ লাখ ১৪ হাজার টাকা তুলে নেয় প্রতারক।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এভাবেই প্রতারণার ফাঁদে পড়ে প্রতিনিয়তই অর্থ হারাচ্ছেন সাধারণ মানুষ। বিভিন্ন সংবাদ মাধ্যমসহ নানা মাধ্যমে সচেতনতার প্রচার-প্রচারণা অব্যাহত থাকলেও তা যেন কাজেই আসছে না। রাতের আঁধারে জিনের বাদশা সেজে মুঠোফোনে কল দিয়ে মানুষের সঙ্গে কথা বলে। এরপর ধন-দৌলত দিয়ে বড়লোক হওয়ার স্বপ্ন দেখানো হয়। আল্লাহর ঘর বানানোর নাম চাপিয়ে দেয়া হয় কিছু শর্ত! বিশ্বাস অর্জন করতে আগে অজানা লোক পাঠিয়ে কিছু কাজও করে দেখানো হয়। মানুষ বিশ্বাস করে তাদের দেয়া শর্তও পূরণ করে। কিন্তু তাদের কথা আর বাস্তবায়ন হয় না। এভাবে প্রতারকদের ফাঁদে পড়ে লাখ লাখ টাকা খুইয়ে পথে বসছে মানুষ। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল আলম বলেন, উল্লিখিত বিষয়ে থানায় বেশ কয়েকটি মামলা হয়েছে। প্রত্যন্ত গ্রামের মানুষকে মিথ্যা পরিচয় কৌশলে ফোনের ওটিপি’র জন্য টাকা হাতিয়ে নিচ্ছে। অভিযান চালিয়ে প্রতারক চক্রের কয়েকজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।