যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না: রিজভী

যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না: রিজভী

ফন্ট সাইজ:

নড়াইলের কালিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় নিহত দুই নেতার কবর জিয়ারত করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। শুক্রবার সকাল সাড়ে ১০টায় কালিয়া উপজেলায় নিহতদের কবর জিয়ারত শেষে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ডা. ফরিদুল ইসলাম। কবর জিয়ারত শেষে তারা নিহত দুই নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

মোনাজাত শেষে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, বর্তমানে বিএনপি ক্ষমতায় এবং দলের চেয়ারম্যান তারেক জিয়া প্রধানমন্ত্রী হিসেবে দেশের গণতান্ত্রিক পরিবেশ, শান্তি, স্থিতিশীলতা ও নাগরিক অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছেন; যেন কোনো মায়ের কোল খালি না হয়, কোনো স্ত্রী স্বামীহারা না হয়। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। পার্শ্ববর্তী দেশ থেকে তাদের অনুসারীদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে, যার শিকার হয়েছেন সোহেল রানা ও শাহিনুল ইসলাম। তাদের মর্যাদা শহীদের। এই হত্যাকারীদের বিচার বাংলার মাটিতেই হবে, কেউ এই বিচার ঠেকাতে পারবে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, কালিয়া উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ১৮ই নভেম্বর সন্ধ্যা ৭টায় কালিয়া পৌরসভার মোটরসাইকেল শোভাযাত্রা চলাকালে বেন্দা গ্রামে শহীদ বিশ্বাসের বাড়ির পাশে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে- নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা এ হামলা চালিয়ে কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা ও শাহিনুল ইসলামকে হত্যা করে এবং পরবর্তীতে বিজয় মিছিল বের করে।