মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সিন্দুরখান বাজারের সংলগ্ন ইসলামপুর এলাকায় ব্যাংকটির সিন্দুরখান শাখায় এ ঘটনা ঘটে। তবে ব্যাংকের পাশে অফিসের আবাসিক বিল্ডিংয়ে থাকা কর্মকর্তা ও নাইট গার্ডের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে শাখাটি। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ব্যাংক সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত সিন্দুরখান গ্রামীণ ব্যাংক শাখার ফটকের সামনে কয়েকটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। টায়ার পোড়ার গন্ধ পেয়ে নিরাপত্তাকর্মী এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সিন্দুরখান গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক অজিত চক্রবর্তী জানান, ব্যাংকের দু’টি ভবন রয়েছে। একটি অফিস ভবন, অন্যটি আবাসিক ভবন। অফিস ভবনে ব্যাংকের একজন পিয়ন থাকেন, তিনি আবার রাতে নাইট গার্ডের দায়িত্বও পালন করেন। আর আবাসিক ভবনে তিনি ও তার এক সহকর্মী থাকেন।
অজিত চক্রবর্তী বলেন, রাত ২টার দিকে গার্ড স্যার, স্যার বলে আমাদের ডাকাডাকি শুরু করে। তার ডাক শুনে ঘুম থেকে উঠে কী হয়েছে জানতে চাইলে তিনি আগুন লাগার কথা জানান। পরে দৌড়ে গিয়ে দেখি, বারান্দা জুড়ে পেট্রোল ঢেলে রাখা হয়েছে এবং কয়েকটি টায়ারে আগুন জ্বলছে। সেখানে পেট্রোলভর্তি আরও একটি বোতল পাওয়া যায়, যেটি ঢালার সুযোগ পায়নি দুর্বৃত্তরা। তিনি আরও বলেন, ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সেখানে এসেছিল। গভীর রাত হওয়ায় গার্ড হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। তবে টায়ার পোড়ার গন্ধ পেয়ে সে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ ঘটনায় ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় তারা বিভিন্ন আলামত সংগ্রহ করে নিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। এদিকে, এ ঘটনার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ তোলে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শেখ জসীম বলেন, গ্রামীণ ব্যাংকে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় আমি গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছি। শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি। মৌখিখভাবে জানিয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।
