জামালগঞ্জে কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুর রহমানের ফার্নিচার মার্কেটে আগুন

জামালগঞ্জে কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুর রহমানের ফার্নিচার মার্কেটে আগুন

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের জামালগঞ্জ বাজারে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক) মাহবুবুর রহমানের ভাড়া দেয়া ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে বাজারের প্রহরী মার্কেটের পাশে আগুন দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয় লোকজনকে খবর দেন। পরে বাজারের লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের দাবি, আগুন নেভাতে আরও ১০-২০ মিনিট দেরি হলে তা পুরো বাজারে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। ঘটনার খবর পেয়ে জামালগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। তিনি বলেন, সারা দেশে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও কর্মকাণ্ডের অংশ হিসেবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তারা মনে করছেন।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। জামালগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুক মিয়া ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদ তালুকদার এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আওয়ামী ফ্যাসিবাদী কর্মকাণ্ড প্রতিহত করার আহ্বান জানান তারা। এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে জানতে পেরেছেন, যুবদল নেতা মাহবুবুর রহমান দোকান দু’টি ভাড়া দিয়েছিলেন। ওই দু’টি দোকানেই আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুনের কারণ বা এটি কেউ ইচ্ছাকৃতভাবে লাগিয়েছে কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।