চাঁদপুরের মতলব উত্তরে আবারো বিএনপি’র দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের দরজা, মেঝের কিছু অংশ এবং বাইরে থাকা ব্যানারের একাংশ পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এর আগে গত ১১ই নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দেয়।
এতে কার্যালয়ের বিভিন্ন অংশ পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাত ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ষাটনল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য এডভোকেট মফিজুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
