রংপুরে গ্যারেজের পরিত্যক্ত গাড়িতে দুর্বৃত্তদের আগুন

রংপুরে গ্যারেজের পরিত্যক্ত গাড়িতে দুর্বৃত্তদের আগুন

ফন্ট সাইজ:

রংপুরে গ্যারেজের পরিত্যক্ত গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে নগরীর পর্যটন মোটেল এলাকায় পিয়াস মোটরসের সামনে এ ঘটনায় ঘটে। এ নিয়ে গত তিনদিনে রংপুরে ৩টি বাস ও একটি পরিত্যক্ত গাড়িতে আগুন দেয়ার ঘটনায় ঘটেছে। শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম। এদিকে এসব ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে গ্যারেজের সামনে পরিত্যক্ত একটি মিটসুবিসি গাড়ি পরিত্যক্ত অবস্থায় ছিল।

শুক্রবার ভোরের দিকে দুর্বৃত্তরা ওই গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলে ততক্ষণে গাড়িটি পুড়ে যায়। মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম বলেন, নাশকতা এড়াতে পর্যটন, বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল বাড়ানো হয়েছে। পরিবহনগুলোতে দুর্বৃত্তরা যাতে আগুন দিতে না পারে সে লক্ষ্যে মাঠে কাজ করছে পুলিশ। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে নগরীর মা ও শিশু হাসপাতালের সামনে সাজু মিয়ার গ্যারেজে শাপলা পরিবহনের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে বুধবার ভোরে নগরীর পর্যটন মোটেলের বিপরীত পার্শ্বে সড়কের ধারে দাঁড়িয়ে থাকা লুমিনাস ক্যাডেট কোচিংয়ের বাসটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ওইদিন বেলা আড়াইটার দিকে বাস টার্মিনালের পার্শ্ববর্তী মৎস্য আড়ত এলাকায় অগ্নিসংযোগে পুড়ে যায় হৃদয়-তাহসিন পরিবহনের একটি বাস।