মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন-নাশকতা, গ্রেপ্তার ৫

মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন-নাশকতা, গ্রেপ্তার ৫

ফন্ট সাইজ:

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করেছে মির্জাপুর থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। এর আগে গত বুধবার দিবাগত রাতে উপজেলার গোড়াই হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ ও গোড়াই ফ্লাইওভার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর গোড়াই এলাকার পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার খন্দকার সিফাত (১৯), একই এলাকার রিফাত খান, ঘাটাইল উপজেলার মো. সাজ্জাদ হোসেন (২১), অমৃত চন্দ্র (২১), ও প্রশান্ত চন্দ্র (২২)। গ্রেপ্তারকৃতদের মধ্যে রিফাত দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাকি অন্যরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ। মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার গোড়াই এলাকার কয়েকটি স্থান থেকে তাদেরকে আটক করা হয়। ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।