রাজধানীর বাংলামোটর থেকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক রুমীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় একাধিক মামলা রয়েছে। শুক্রবার দুপুরে গ্রেপ্তারের বিষয় তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান। গ্রেপ্তার রুমী শাহরাস্তি উপজেলার চিতোষী ইনিয়নের কসবা গ্রামের নুরুল ইসলাম মিয়ার ছেলে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলায় তিনি আলোচনায় আসেন। তার নির্বাচনে সরাসরি মাঠ পর্যায়ে কাজ করেছেন তৎকালীন সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর-উত্তম।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডে অর্থ জোগানের অভিযোগ রয়েছে। সম্প্রতি শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করিয়ে এলাকায় সহিংস তৎপরতায় তিনি অর্থের জোগান দিয়েছেন বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ। পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের অন্যতম অর্থদাতা হিসেবেও তার সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে চলতি বছরের ১৫ই জানুয়ারি প্রকাশিত ‘শেখ হাসিনা সংগ্রাম পরিষদ’ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্যদের তালিকায়ও রুমীর নাম রয়েছে। পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে শাহরাস্তি ও ঢাকার বিভিন্ন থানায় মামলা রয়েছে। শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, সে ঢাকায় গ্রেপ্তার হয়েছে জেনেছি। তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় একাধিক মামলা রয়েছে।
