লাল রংয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো টিফিন বক্সের মতো বোমাসদৃশ বস্তুটি ছিল ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। বস্তুটির ধ্বংসাবশেষ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির লোগোযুক্ত ৮ দফা দাবির একটি স্মারকলিপি পাওয়া যায়। বোমাসদৃশ ওই বস্তুটি প্রায় ১৮ ঘণ্টা পর বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। মাঠে নিরাপদ স্থানে নিয়ে বস্তুটি নিষ্ক্রিয় করা হয়। গত বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় হেল্প ডেস্কের সামনের দিকে লাল স্কচটেপে মোড়ানো বস্তুটি দেখতে পান কর্মচারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তাবেষ্টনী তৈরি করাসহ বস্তুটি নিরাপদ স্থানে রাখে। পরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে খবর পেয়ে এসআরবি-১৩ এর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরে রাজশাহী থেকে এসআরবি’র বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যদের ডাকা হয়। রাতে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে বস্তুটি নিষ্ক্রিয় করেন। এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) তৌহিদ বলেন, উদ্ধার হওয়া বস্তুটি তেমন ক্ষতিকর না হলেও এটি হাতে তৈরি একটি অপ্রচলিত বিস্ফোরক যন্ত্র ছিল। বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা সেটিকে নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেছেন।
অতিরিক্ত পঞ্চগড় জেলা ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, সকাল থেকেই বস্তুটিকে বোমাসদৃশ হিসেবে বিবেচনায় নিয়ে নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়। পরে এসআরবি’র বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা পরীক্ষা করে এটিকে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বলে নিশ্চিত করেন। বস্তুটির ধ্বংসাবশেষ থেকে একটি চিঠি বা স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে কার্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। মুখে মাস্ক ও শরীরে চাদর জড়ানো এক ব্যক্তি ভোর ৪টা ৫৩ মিনিটে বস্তুটি সেখানে রেখে যায়।
