বিচ্ছিন্ন গোপালগঞ্জ

বিচ্ছিন্ন গোপালগঞ্জ

ফন্ট সাইজ:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে কার্যত বিচ্ছিন্ন-অবরুদ্ধ গোপালগঞ্জ জেলা। ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ, বৈদ্যুতিক খুঁটি ও বাঁশ ফেলে অবরোধ, টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং দেশীয় অস্ত্র হাতে নেতাকর্মীদের মহড়ায় অচল হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। এর মধ্যে বিএনপি দলীয় সংসদ সদস্যদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও হাসপাতালে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এমন পরিস্থিতিতে কর্মস্থলে যেতে পারছেন না সাধারণ মানুষ, আটকা পড়েছে পণ্যবাহী যানবাহন। রোগী ও স্বজনদেরও পড়তে হয়েছে চরম বিপাকে। বৃহস্পতিবার সকাল থেকেই সদরের লঞ্চঘাট, মাদ্রাসাঘাট, পুলিশ লাইনসহ বিভিন্ন স্থানে সরজমিন অবস্থান নিতে দেখা যায়।

সরজমিন দেখা যায়, সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিতে থাকেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট মোড়, জেলা পরিষদ ডাকবাংলো, মাদ্রাসা মোড়সহ বিভিন্ন স্থানে জড়ো হয়ে স্লোগান দেন তারা। অনেকের মাথায় ছিল হেলমেট, হাতে রামদা, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র। জেলা পরিষদ ডাকবাংলো থেকে পুলিশ লাইন্স পর্যন্ত অস্ত্র হাতে তাদের মহড়া দিতে দেখা যায়। শহরের বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে এই মহড়ায় যুক্ত হন। মাইকে বাজানো হয় ৭ই মার্চের ভাষণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জমায়েত। লঞ্চঘাট মোড় এলাকায় ছিল সবচেয়ে বেশি উপস্থিতি। সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়।

ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড় থেকে শহরে প্রবেশের পথে গাছ ফেলে অবরোধ করা হয়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেরিয়ে নীলা মাঠ এলাকায় অন্তত তিনটি স্থানে গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখা যায়। একটি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে রামদাসহ দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ করে কয়েকজন। হাসপাতাল মোড় ও সার্কিট হাউস মোড়েও ছিল একই চিত্র। মধুমতী নদী পেরিয়ে গোপালগঞ্জে প্রবেশের মুখে চর গোবরা এলাকাতেও গাছের গুঁড়ি ফেলে সড়ক বন্ধ করে দেয়া হয়। স্থানীয় সূত্রের দাবি, সেখানে যুবলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

সকাল সোয়া ৯টার দিকে ঘোনাপাড়া মোড়ে গোলচত্বরের রেলিংয়ের সঙ্গে চুরির অভিযোগে দু’জনকে বেঁধে রাখতে দেখা যায়। সেখানে অবস্থান নেয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের অভিযোগ, আগের রাতে মহাসড়কে চলাচলকারী এম্বুলেন্সসহ কয়েকটি যানবাহনে চুরি-ছিনতাই হয়েছে। সড়ক অবরোধের কারণে মহাসড়কে কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। শহরের ভেতরে ইজিবাইক, ভ্যান ও রিকশা চলাচল করলেও তা ছিল বিচ্ছিন্ন কয়েকটি অংশে। এক প্রতিবন্ধকতা থেকে আরেক প্রতিবন্ধকতার মাঝখানে গিয়ে যাত্রীদের নামতে হচ্ছে। পরে অন্য যানবাহনে গন্তব্যের দিকে যেতে হয়।

অনেককে বৃষ্টিতে ভিজে হেঁটে চলাচল করতে দেখা যায়। নীলা মাঠ এলাকা থেকে ঘোনাপাড়ার দিকে হেঁটে যাচ্ছিলেন কয়েকজন নারী। তাদের দু’জন জানান, তারা গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে চাকরি করেন। কোনো যানবাহন না পেয়ে বৃষ্টিতে ভিজেই কর্মস্থলে যেতে হচ্ছে। সকাল-সন্ধ্যা পর্যন্ত শহরের সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের কয়েকটি দোকান খোলা থাকলেও ক্রেতার উপস্থিতি ছিল কম। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও উপস্থিতি চোখে পড়েনি। জরুরি প্রয়োজনে এবং অফিসের উদ্দেশ্যে যারা বের হয়েছেন, তারাও যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়েন। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং কর্মসূচির প্রভাবে শহরের রাস্তাঘাট ছিল প্রায় ফাঁকা। এদিকে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গোপালগঞ্জ-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য সেলিম উজ্জামান সেলিমের কাশিয়ানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। একই দিন দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায়ও আগুন দেয়ার ঘটনা ঘটে। দুপুরে গোপালগঞ্জ সদরের পাঁচুড়িয়া এলাকায় বিএনপি’র কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেয়ার ঘটনাও ঘটে। এদিকে সকাল থেকে ঘোনাপাড়া এলাকায় কয়েকশ’ নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ করেন। রামদা, হকিস্টিক, চায়নিজ কুড়াল ও লগি-বৈঠাসহ বিভিন্ন অস্ত্র হাতে তাদের মহাসড়কে অবস্থান নিতে দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার নতুন করে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় তাদের দৃশ্যমান তৎপরতা সীমিত ছিল। কোথাও কোথাও দূরত্ব বজায় রেখে বিজিবি’র টহল দিতে দেখা গেছে। মহাসড়ক অবরোধ, অস্ত্র হাতে মহড়া, একের পর এক হামলা ও অগ্নিসংযোগে গোপালগঞ্জে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়ে। বৃষ্টি ভেজা শহরের সড়কে সাধারণ মানুষের উপস্থিতি কম, দোকানপাট বন্ধ, যানবাহন অচল। আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন জেলাবাসী।

এদিকে গত বুধবার রাত থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে বিভিন্ন স্থানে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। রাত ১০টার পর সদর উপজেলার চরপাথালিয়ার দোলা পাম্প এলাকায় ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপসহ দেড় শতাধিক পণ্যবাহী যান আটকা পড়ে। মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি, গাছ ও বৈদ্যুতিক খুঁটি ফেলে রাখায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পর যন্ত্রের সাহায্যে সড়কের পাশের গাছ কেটে মহাসড়কে ফেলে দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ও টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করা হয়। রাতভর ঢাকা-খুলনা মহাসড়ক ছাড়াও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া-পিরোজপুর, গোপালগঞ্জ-কোটালীপাড়া-বরিশাল ও গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে অবরোধের খবর পাওয়া গেছে।

শুধু সড়ক অবরোধ নয়, হামলার শিকার হয়েছে বিএনপি নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানও। বুধবার রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগে বুধবার রাত ৯টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালানো হয়। হাসপাতালটি গোপালগঞ্জ সদর থানা থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, হামলার সময় হাসপাতালের ভেতরে বেশ কয়েকজন রোগী চিকিৎসাধীন ছিলেন। আকস্মিক হামলায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত হাসপাতাল ছেড়ে বেরিয়ে যান। নবজাতক কোলে এক নারীকে দৌড়ে হাসপাতাল থেকে বের হতে দেখা যায়। ভেতরে আটকে পড়া রোগীদের স্বজনদের অনেকেই বাইরে আহাজারি করছিলেন। হামলাকারীরা হাসপাতালের জানালা ভাঙচুর করে ভেতরের আসবাবপত্র বাইরে এনে তাতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সকাল-সন্ধ্যার ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। একই সময়ে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের কাশিয়ানীর গ্রামের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে এসব ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয়া হয়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুবীর কুমার সাহা মানবজমিনকে হামলা ও অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার আগে থানায় প্রায় ৯০ জন পুলিশ সদস্য ছিলেন। প্রাথমিক পর্যায়ে তারা হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা করেন। তবে হামলাকারীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় একপর্যায়ে পুলিশ সদস্যরা থানা থেকে সরে যান।

হামলাকারীদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পরবর্তীতে এ বিষয়ে জানানো সম্ভব হবে।

জেলা বিএনপি’র আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান মানবজমিনকে বলেন, ‘হামলা, ভাঙচুর ও আগুন সন্ত্রাসের কার্যক্রম গণতন্ত্র বিশ্বাসী কোনো রাজনৈতিক দল করতে পারে না। যারা করে তারা দেশের শত্রু, মানুষের শত্রু। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। জনগণের জানমাল ক্ষতিসাধনকারী এই সন্ত্রাসী গোষ্ঠীকে দেশের মানুষ ২৪ সালে যেভাবে জবাব দিয়েছে ২০২৬ সালের ডিসেম্বরে ঠিক সেভাবেই দিবে।