এনাফ ইজ এনাফ

লালমনিরহাটে প্রধানমন্ত্রী

এনাফ ইজ এনাফ

ফন্ট সাইজ:

দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের চলমান প্রেক্ষাপটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অগ্নি সন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে। যথেষ্ট হয়েছে, আর নয়। গতকাল লালমনিরহাটের মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর এক জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সভাপতিত্ব করেন। হাজার হাজার নেতাকর্মী ও গ্রামবাসীদের উপস্থিতিতে জনসভা বিশাল সমাবেশে রূপ নেয়। সমাবেশের আগে প্রধানমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী খালে মাছের পোনা অবমুক্ত করেন এবং খালের পাড়ে বৃক্ষরোপণ করেন। এর আগে, সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারে লালমনিরহাটের এয়ারফিল্ডে নামেন। সেখানে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে লালমনিরহাট-রংপুর মহাসড়কসহ তার চলাচলের পথে তুলে ধরা হয় উত্তরাঞ্চলের গ্রামীণ জীবনধারা ও লোকজ ঐতিহ্যের চিত্র। সড়কের দুই পাশে সাজানো হয় ঘোড়া, বর-কনের প্রতিকৃতি, কৃষিকাজের দৃশ্য, ধানের শীষের নকশা ও নকশিকাঁথার শিল্পকর্মসহ নানা ঐতিহ্যবাহী ডিসপ্লে। পাশাপাশি শিশু শিল্পী ও শিক্ষার্থীরা রংপুর অঞ্চলের আঞ্চলিক গানের তালে নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের অংশগ্রহণে এসব আয়োজনে ফুটে ওঠে উত্তরাঞ্চলের নিজস্ব সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য। ডিসপ্লে ও পরিবেশনা দেখে প্রধানমন্ত্রী হাত নেড়ে ও হাততালি দিয়ে শিল্পী-শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
সরকার প্রধান বলেন, ওদের সমুচিত জবাব দিতে হবে। কী সেই জবাব? জবাব হচ্ছে- এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে আর নয়। বাংলাদেশের মানুষ আর সেই অগ্নি সন্ত্রাসের রাজনীতিতে যেতে চায় না, গুম-খুনের রাজনীতিতে যেতে চায় না। আমরা খাল খননের রাজনীতি করতে চাই, আমরা চাই আমাদের দেশের শিল্প কল-কারখানাগুলোকে সঠিকভাবে গড়ে তুলতে এবং দেশে উৎপাদন বাড়াতে। আমরা চাই ফসলের উৎপাদন বাড়াতে, আমরা চাই আমাদের দেশের মানুষ যাতে সঠিকভাবে শিক্ষা পায় সেই ব্যবস্থা করতে, আমরা চাই আমাদের মা-বোনেরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে। আমরা সেই রাজনীতি করতে চাই। আমরা সেই অতীত রাজনীতি আর করতে চাই না।

লালমনিরহাটের সর্বস্তরের মানুষকে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে জবাব- এনাফ ইজ এনাফ। এই অপরাজনীতির বিরুদ্ধে জবাব- এনাফ ইজ এনাফ। আসুন এই দাবিতে অপশক্তির বিরুদ্ধে একটাই জবাব- এনাফ ইজ এনাফ।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের রাজনীতি হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা, আমাদের রাজনীতি হবে পদ্মা ব্যারাজ বাস্তবায়ন করা, আমাদের রাজনীতি হবে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য রাজনীতি করা।
পতিত স্বৈরাচারের ‘আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গত কয়েকদিন ধরে দেখেন, পলাতক থেকেও আবার তারা সেই আগুনের সন্ত্রাস শুরু করেছে, আবার তারা মানুষকে পুড়িয়ে মারার হত্যার রাজনীতি শুরু করেছে, আবার তারা মানুষকে পেছন থেকে আক্রমণ করে হত্যার রাজনীতি শুরু করেছে। আসুন সকলে মিলে সেই সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত দেয়ার জন্য নিজেদেরকে আবারো ২৪-এর মতো প্রস্তুতি করি। এই প্রস্তুতির আহ্বান আজকে রাখছি।

সরকারপ্রধান বলেন, একটি গ্রুপ, একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। যেই মহলটি, যেই সন্ত্রাসী গ্রুপটি ষড়যন্ত্র শুরু করেছে, এরা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর এদেশকে শাসন করেছিল। যেই দেশে তারা পালিয়ে গেছে সীমান্তের ওপারে। তারা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদেরকে খুশি করার জন্য তারা আবার এদেশে মানুষের বিরুদ্ধে, এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

এদের অপরাজনীতি রুখতে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমগ্র বাংলাদেশে গণতন্ত্রকামী প্রত্যেকটি দেশপ্রেমিক মানুষকে আমি বলবো, আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দেই, সঠিকভাবে জবাব দেই, শক্তভাবে জবাব দেই। যাতে করে তারা ভবিষ্যতে জনগণের ভাগ্য এবং বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর যাতে ছিনিমিনি খেলতে না পারে। যাতে করে তারা বাংলাদেশের ভাগ্য নিয়ে, জনগণের ভাগ্য নিয়ে তাদের প্রভুদের নির্দেশ বাস্তবায়ন করতে না পারে।

তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ আর কোনো খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না, বাংলাদেশের মানুষ আর ভোট দখলের রাজনীতি চায় না। ক্ষমতাকে ধরে রাখার জন্য শেষ সময় তারা ১৪শ’ মানুষকে হত্যা করেছে, ৬০ জন ছোট ছোট শিশুকে হত্যা করেছে। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা আর যাই হোক, দেশ এবং জনগণের প্রতি তাদের কোনো কর্তব্য থাকে না। বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়, বাংলাদেশের মানুষ এখন শান্তি চায়, বাংলাদেশের মানুষ এখন তার এবং দেশের অগ্রগতি চায়। তাই যদি করতে হয়, যদি দেশ এবং জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হয়, সকল রাজনৈতিক দল যারা ২৪-এর সময়ে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে সকলকে আজ ঐক্যবদ্ধ হতে হবে এবং এই সন্ত্রাসী, এই অগ্নি সন্ত্রাসী, এই খুনিদেরকে পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে।

তিনি বলেন, আপনারা খুশি হবেন যে, আমরা আগামী কয়েক মাসের মধ্যে ইনশাআল্লাহ্‌ এই পরিকল্পনাগুলো হচ্ছে এবং বাস্তবায়নের কাজ আগামী ছয় থেকে আট মাসের মধ্যে শুরু হবে। কী সেটা? আমরা সেই খুলনা থেকে ইনশাআল্লাহ্‌ একদম এই লালমনিরহাট বলেন, রংপুর বলেন, একদম পঞ্চগড় পর্যন্ত গ্যাসের লাইন নিয়ে আসবো। যাতে করে সেই গ্যাস দিয়ে কলকারখানা চালানো সম্ভব হয়। গ্যাস লাইনটা আমরা নিয়ে আসতে পারলে তখন বিনিয়োগকারীরা এই অঞ্চলসহ সামগ্রিকভাবে গোটা রংপুর বিভাগে তারা মিল ফ্যাক্টরি স্থাপন করবে। তখন আমাদের যুব সমাজের কর্মসংস্থানের সমস্যা অনেকাংশে ঘুচে যাবে।

সরকারপ্রধান বলেন, শুধু তাই নয়, গত কয়েক মাসে এ দেশ থেকে আমরা দক্ষ-অদক্ষ শ্রমিক সহ যারা বিগত দিনে বিদেশে কাজ করেছেন, এমন প্রায় ৫ লাখ যুবক ভাইকে বিদেশ পাঠিয়েছি। আমরা চেষ্টা করছি, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যাতে আরও মানুষ যেতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।

বাংলাদেশের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা সরকারের: আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এই পরিকল্পনার কথা জানিয়েছেন। পরে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন এবং ক্যাস্পাসে বৃক্ষরোপণ করেন। তিনি বলেন, দেশের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে মহাকাশে পাঠানো হবে। এ লক্ষ্যে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে।

উপস্থিত তরুণ গবেষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা স্পারসোর নাম শুনেছেন। আমরা অলরেডি কাজে হাত দিয়েছি। আগামী তিন বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাবো। আমাদের বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করছেন। তারা সবাই বাংলাদেশের বিজ্ঞানী।

লালমনিরহাটে এয়ার অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের আয়োজনে দু’দিনব্যাপী এই অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৭৪টি দল ও ২৯৬ জন অংশগ্রহণকারী অংশ নেয়। ফিক্সড-উইং ইউএভি, রোটরক্রাফট, স্পেস রোবোটিক্স এবং সকার বট-এই চারটি বিভাগে এই প্রতিযোগিতা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের একমাত্র এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ় আশাবাদী।

তরুণ শিক্ষার্থীদের প্রযুক্তির উদ্ভাবক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে নতুন কিছু উদ্ভাবন, প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করা এবং অসম্ভবকে সম্ভব করার অসীম সম্ভাবনা রয়েছে। এজন্য প্রয়োজন আত্মবিশ্বাস, সাহস এবং নতুন কিছু করার দৃঢ় প্রত্যয়। গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু ভাবতে হবে। উদ্ভাবনের সাহস দেখাতে হবে এবং নিজেদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অবদান রাখতে হবে। এ ক্ষেত্রে সরকার তাদের পাশে থাকবে।

তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থের অভাব যেন বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সঠিকভাবে এই অর্থ ব্যবহারের পরও প্রয়োজন হলে সরকার আরও অর্থ বরাদ্দ দেবে। তবে তরুণদের এগিয়ে যেতে হবে এবং নতুন নতুন উদ্ভাবনে মনোযোগী হতে হবে।

অনুষ্ঠানে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর আ ন ম এহছানুল হক মিলন ও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন।