দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের ২১শে জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্যদিয়ে শুরু হবে এ নির্বাচন। দ্বিতীয় ধাপে ৪ঠা ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯শে এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ই মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭শে মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল পাঁচ ধাপে কোন কোন ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, সেই তালিকা প্রকাশ করেছে কমিশন।
ইসি প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। সবমিলিয়ে পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নিজ নিজ এলাকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
এর আগে গত ১২ই অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভায় পাঁচ ধাপে ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হয়। সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ভোটের তারিখ ঘোষণা করেন।
