পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা হলো ৫ দূতের

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা হলো ৫ দূতের

ফন্ট সাইজ:

ঢাকায় ব্যস্ত দিন পার করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এক এক করে পাঁচ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সারাদিনই ছিল বিদেশি কূটনীতিকদের আসা-যাওয়া। ড. খলিলের সঙ্গে একই দিন সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আট ঘণ্টায় এই পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের ঘটনা তেমন একটা দেখা যায় না। এসব সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রীকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনের জন্য শুভেচ্ছা জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় খোলাসা করেনি ঠিক কি বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে।

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের থ্যাংকস গিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি। এ সময় দু’দেশের সুসম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের বিষয়ে এর বাইরে বিস্তারিত কিছু জানাননি তিনি। যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক জানান, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।

ভারতের হাইকমিশনার জানান, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে ফোনে শুভেচ্ছা জানিয়েছিলেন। এবার সরাসরি দেখা করে শুভেচ্ছা জানাতে পেরে তিনি আনন্দিত।

ত্রিবেদী বলেন, ড. খলিলুর রহমান জাতিসংঘের সংস্কার নিয়ে অনেক কথা বলছেন। তাই সংস্কারের বিষয়গুলো কী এবং কী করা যেতে পারে, তা বুঝতে তিনি আগ্রহী ছিলেন। কারণ, এটি সবার অভিন্ন স্বার্থের বিষয়। তিনি বলেন, জাতিসংঘ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় ফোরাম। সেখানে ড. খলিলুর রহমানের অভিজ্ঞতা সম্পর্কে জানা তার জন্য শেখার একটি সুযোগ ছিল। সাক্ষাৎটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলার রায় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘নো কমেন্টস’।