প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২০শে নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবার প্রধানমন্ত্রী হিসেবে নিজের জন্মদিন উদ্যাপন করছেন। যদিও জন্মদিনের কোনো আনুষ্ঠানিকতা বা উদ্যাপন না করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি। দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী হিসেবে নিজের জন্মদিন ঘিরে কোনো ধরনের উৎসব বা আয়োজন চান না তারেক রহমান। দলের নেতাদের তিনি এই মনোভাব ব্যক্ত করেছেন। দলের চেয়ারম্যানের জন্মদিন ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
দিনটি উপলক্ষে বিভিন্ন পর্যায়ে সামাজিক ও ধর্মীয়ভাবে কিছু কর্মসূচি হাতে নিয়েছেন দলের নেতাকর্মীরা। এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ২০ টাকা প্রতীকী মূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে বিশেষ ‘বই উৎসব’-এর আয়োজন করা হয়েছে। দল সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব-এর উদ্যোগে রাজধানীর মগবাজারের জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলু রোড মাদ্রাসায় কোরআন খতম, দোয়া মাহফিল এবং মাদ্রাসাছাত্রদের স্বাস্থ্যসেবা প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
একইভাবে সারা দেশেও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সামাজিক কর্মসূচি ও দোয়া মাহফিলের আয়োজন করবেন। দেশের রাজনীতিতে তারেক রহমান মর্যাদার এক আসনে অধিষ্ঠিত হয়েছেন। বাবা এবং মায়ের পথ ধরে তিনি সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছেন। উপমহাদেশসহ বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এটি কয়েকটি বিরল উদাহরণের একটি। দলের সাধারণ কর্মীদের নানা চড়াই উৎরাই পেরিয়ে তারেক রহমান দেশ পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন।
মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে বগুড়া জেলার গাবতলী থানা বিএনপি’র সদস্য হন তিনি। আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেয়ার আগেই তিনি রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান তার মা খালেদা জিয়ার সহচর হিসেবে সারা দেশে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ২০০১ সালের নির্বাচনেও মায়ের পাশাপাশি তারেক রহমান দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান। এই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের মাধ্যমে রাজনীতির প্রথম সারিতে তার সক্রিয় আগমন ঘটে। ২০০২ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসাবে দায়িত্বপ্রাপ্ত হন। এরপরই দেশব্যাপী দলের মাঠপর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে ব্যাপক গণসংযোগ শুরু করেন। মূল সংগঠনসহ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল সভা আয়োজন করেন। এই জনসংযোগ কার্যক্রমের ফলে দলের নেতাকর্মীদের তরুণ অংশটির মাঝে তারেক রহমান শুধু বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তানের পরিচিতি থেকে বেরিয়ে এসে দলের একজন দক্ষ সংগঠক ও সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।
ওইসময়ে তার বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক নানা অপপ্রচারের সুদূরপ্রসারী ফলস্বরূপ ওয়ান-ইলেভেন সরকারের সময়ে তাকে কারাগারে যেতে হয় এবং নির্যাতনের শিকার হতে হয়। একপর্যায়ে চিকিৎসার জন্য তাকে লন্ডনেও যেতে হয়। সেখান থেকেই ধীরে ধীরে তিনি দল পরিচালনায় সম্পৃক্ত হতে থাকেন। দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝেও আস্থার প্রতীক হয়ে উঠেন তারেক রহমান। তবে সেখানেও বাধার সম্মুখীন হতে হয়। তৎকালীন আওয়ামী লীগ সরকার উচ্চ আদালতের মাধ্যমে এক আদেশে তার বক্তব্য-বিবৃতিও প্রচারে নিষেধাজ্ঞা জারি করে। গত বছরের ৫ই আগস্ট পটপরিবর্তনের আগ পর্যন্ত ছিল যা বলবৎ ছিল।
২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত বিএনপি’র পঞ্চম জাতীয় কাউন্সিলে এবং ২০১৬ সালে ৬ষ্ঠ কাউন্সিলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে লন্ডন থেকেই দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত থেকে ২০২৫ সালের ২৫শে ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরে আসেন। তার দেশে ফেরার দিনে রাজধানীতে অভূতপূর্ব এক দৃশ্য ছিল। লাখ লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে বরণ করে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে। পূর্বাচলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন নিজের পরিকল্পনার।
তার নেতৃত্বে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল বিজয় অর্জন করে। ১৭ই ফেব্রুয়ারি তিনি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং বর্তমানে বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৬ সালের এপ্রিলে তিনি টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ১০০ জন ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত হন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর একের পর এক নানা উদ্যোগ নিয়ে তিনি সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন। নিজে প্রধানমন্ত্রী হয়েও প্রটোকল না নেয়া, সাদামাটা জীবনযাপন, রাত-দিন একাকার করে কাজ করে তিনি একের পর উদাহরণ তৈরি করছেন। দেশের রাজনীতিতে যা নতুন ধারার সূচনা করেছে বলে দলীয় নেতাকর্মীরা মনে করেন।
