কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউনের নামে দেশের বিভিন্ন জেলায় ব্যাপক নাশকতামূলক তৎপরতা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। বুধবার গভীর রাত থেকে রেল বাস ট্রাক এবং বিভিন্ন নেতাকর্মীদের বাসাবাড়িতে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও মহাসড়ক অবরোধে লিপ্ত হয় তারা। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাৎক্ষণিকভাবে ওই সংগঠনের অর্ধশতাধিক কর্মী-সমর্থককে আটক করেছে।
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে তাণ্ডব। এ সময় পুলিশের সরকারি গাড়িসহ অন্তত ১৫টি যানবাহনে আগুন দেয়া হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে সংসদ সদস্যের বাড়ির সামনে জড়ো হয়। প্রথমে সেøাগান দেয়ার পর তারা দোতলা পাকা বাড়ি ও টিনশেড ঘরে ভাঙচুর চালায়। পরে পেট্রোল ও অকটেন ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। তবে হামলার আগেই বাড়িতে থাকা সংসদ সদস্যের স্বজনরা বের হয়ে যান।
অন্যদিকে মুকসুদপুর থানায় হামলার বিষয়ে স্থানীয় বিএনপি’র নেতারা জানান, বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে লাঠিসোটা নিয়ে সেখানে হামলা চালানো হয়। পরে থানার ভেতরে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।
এদিকে, বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের পৈতৃক বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়। এ সময় এক স্থানীয় সংবাদকর্মীর মোবাইল ও প্রেস জ্যাকেট ছিনিয়ে নেয় দুষ্কৃতকারীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপজেলা জুড়ে মোতায়েন থাকলেও সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক করতে বেগ পেতে হচ্ছে।
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে জানান, রংপুরে গ্যারেজে পার্কিং করা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে নগরীর মা ও শিশু হাসপাতালের সামনে সাজু মিয়ার গ্যারেজে শাপলা পরিবহনের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ নিয়ে দুইদিনে রংপুরে মোট তিনটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটলো। প্রত্যক্ষদর্শী গ্যারেজের নৈশপ্রহরী সিরাজুল ইসলাম জানান, দিবাগত রাত ৩টার দিকে মাস্ক পরা তিনজন গ্যারেজের পাশ দিয়ে ঘোরাঘুরি করছিল। কিছুক্ষণ পরই গাড়ির সামনের অংশে আগুন জ্বলে উঠে। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে পুরো বাসটি পুড়ে যায়। বাস মালিক মিঠু মিয়া বলেন, বাসটি রংপুর-জলঢাকা রুটে চলাচল করতো। আমি নীলফামারী বাস-মিনিবাস ও কোচ সমিতির সদস্য এবং বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত। তাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন আমার বাসে আগুন দিয়েছে।
নেত্রকোণা প্রতিনিধি জানান, নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন ভূমি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে আগুন দেয়ার এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে: সিলেটে পার্কিংয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোরে নগরের চালিবন্দর ল’ কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা জানান, পার্কিংয়ে থাকা বাসগুলোতে ভোররাত ৪টার দিকে গান পাউডার ছিটিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে চারটি বাসেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। দুপুরে সিলেটের বিএনপি নেতা ও সিউজ চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী ওই এলাকা পরিদর্শন করেছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া) আফজাল হোসেন জানিয়েছেন, কারা আগুন দিয়েছে তা শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি। বুধবার রাত প্রায় ২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের প্রবেশদ্বারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ব্যাংকের ভেতরে দায়িত্বে থাকা নাইট গার্ড হরিদাশ বর্মণ আগুন দেখতে পেয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এসে আগুন নেভান।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহে সাবেক এমপি’র বাসা, ইউনিয়ন পরিষদ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, অপরাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। গতকাল দুপুরে নগরীর হরিকিশোর রায় রোডে বিএনপি’র দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নতুন বাজার ও গাঙিনারপাড় হয়ে চরপাড়ায় গিয়ে শেষ হয়।
এর আগে ওইদিন ভোররাতে জেলার ভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুন, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে পেট্রোল ঢেলে আগুন, ফুলপুর উপজেলার সাবেক এমপি মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাশারের বাসায় হামলা ও পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা এবং দুপুরে নগরীর শম্ভুগঞ্জ বাজারে ৮টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, সোনারগাঁয়ে বৃহস্পতিবার একটি খড়বোঝাই ট্রাক ও যাত্রীবাহী লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে দু’টি ঘটনাতেই কোনো ক্ষয়ক্ষতি হয়নি। উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় মদনপুর-গোলাকান্দাইলগামী এশিয়ান হাইওয়ে সড়কে প্রথম অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে খড়বোঝাই একটি ট্রাক ভোর সাড়ে ৩টার দিকে মিরেরটেক বাজার জামে মসজিদের সামনে পৌঁছে খড় নামানোর অপেক্ষায় রাস্তার পাশে দাঁড়ায়। এ সময় চালক ও হেলপার ট্রাকের ভেতরে ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী ট্রাকে আগুন জ্বলতে দেখে চালককে ডেকে তোলে জানান, একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে গেছে।
স্টাফ রিপোর্টার, যশোর থেকে জানান, ঢাকা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যানে দুর্বৃত্তদের নিক্ষিপ্ত পেট্রোল বোমায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক অগ্নিদগ্ধ এবং হেলপার আঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে যশোর-নড়াইল মহাসড়কের হামিদপুর নুরীতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত চালক রাজীব (৪৫), যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। হেলপার হৃদয় (৪০), ঝিকরগাছা গ্রামের জনি শেখের ছেলে। ঢাকা থেকে যশোরগামী কাভার্ডভ্যানটি হামিদপুর নুরীতলা এলাকায় পৌঁছালে রাস্তার পাশে কলাবাগান থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে দু’টি পেট্রোল বোমা নিক্ষেপ করে।
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরের রায়পুর থানা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রায়পুর থানা এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন, রায়পুর পৌরসভার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে মো. জাহিদ এবং চরপাতা ইউনিয়নের মৃত শফিউল্লাহর ছেলে লাবিব।
আমতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার শাখারিয়া বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় ছাত্রলীগের নেতৃত্বে মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহার নেতৃত্বে পেট্রোল পাম্পের সামনে আসেন। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন।
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি জানান, লকডাউন ঘিরে পটুয়াখালীর কলাপাড়ায় বাস স্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২ যুবককে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নাচনাপাড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় ইউনিক পরিবহন বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। গণধোলাইয়ের শিকার নিপু হাওলাদার নামের যুবক গুরুতর আহত হলে তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। এ ছাড়া আটক অপর যুবক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত আদিল সোহানকে পুলিশ হেফাজতে নিয়েছে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখা কার্যালয় লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এতে আগুনের সূত্রপাত হলেও নিরাপত্তাপ্রহরী ও স্থানীয় লোকজনের তৎপরতায় দ্রুত তা নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার ভোররাতে শহরতলীর জাফরপুর বাজারে অবস্থিত ব্যাংকটির শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে জানান, কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার রাত ৯টার দিকে কুমিল্লার বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসের সামনের অংশসহ কয়েকটি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চালকের তাৎক্ষণিক পদক্ষেপে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা। এ ঘটনায় কেউ আহত হননি। বাসে থাকা শিক্ষার্থীরা জানান, কুমিল্লা শহর থেকে পদুয়ার বাজার হয়ে ক্যাম্পাসে ফেরার পথে বেলতলী এলাকায় সড়কের উপর কয়েকটি টায়ার পড়ে থাকতে দেখেন তারা। বাসটি টায়ারগুলোর কাছে পৌঁছালে দুর্বৃত্তরা সেগুলোতে আগুন ধরিয়ে বাস লক্ষ্য করে ছুড়ে মারে।
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি জানান, নেত্রকোণার পূর্বধলার বালুচরা বাজারে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের বারান্দায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৩টার দিকে কার্যালয়ের সামনের বারান্দায় দরজার কাছে বস্তায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ভেতরে থাকা নৈশপ্রহরীর চিৎকারে স্থানীয়রা ও পুলিশের টহল দল এসে দ্রুত আগুন নেভায়। শাখা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আইনি ব্যবস্থা নেয়া হবে। পূর্বধলা থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, আগুন বারান্দায় সীমাবদ্ধ ছিল।
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুরের শিবচরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাছ কেটে ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণের শব্দও শোনা গেছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। এতে প্রায় আধাঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, লকডাউন কর্মসূচির সমর্থনে শিবচরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়কে আগুন জ্বালিয়ে স্লোগান দেন কর্মসূচিতে অংশ নেয়া ব্যক্তিরা। কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মনোয়ার বেপারী ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান দুলাল বেপারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ ছাড়া বাঁশকান্দি ইউনিয়ন ও ভদ্রাসন ইউনিয়নের বিভিন্ন সড়কেও বিক্ষোভ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান মোহনের গ্রামের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট গোলাম সরোয়ার, শ্রমিক লীগ নেতা খলিলুর রহমানসহ বিভিন্ন নেতাকর্মীর বাসাবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এদিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের আনোয়ারায় চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৬ জনকে আটক করা হয়েছে।
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে জানান, খুলনা জজ কোর্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেস্টুনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি নগরীর ব্যস্ততম এলাকা শিববাড়ী মোড়ে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা ফেস্টুনটি লক্ষ্য করে বোমা ছুড়ে পালিয়ে যায়। এতে ব্যানারের একাংশে আগুন ধরে যায়। পরে পুলিশ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বুধবার রাত ৯টার দিকে খুলনা জজ কোর্টে বোমা নিক্ষেপ করে দু’জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা থেকে ১১টা ১০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি শিববাড়ী মোড়ে আসে। তারা গোলচত্বরে টাঙ্গানো ফেস্টুন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করলে তাতে আগুন ধরে যায়। এ সময় হামলাকারীরা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ছাড়া, বুধবার রাত ৯টার পর খুলনা জেলা জজ আদালতের নিচতলায় দুর্বৃত্তরা বোমা নিক্ষেপ করে দু’জন দুর্বৃত্ত পালিয়ে যায়।
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, রাজশাহীতে এক রাতেই একাধিক নাশকতার ঘটনা ঘটেছে। নগরীর বিআরটিসি বাস টার্মিনালে আগুন দেয়া হয়েছে দু’টি বাসে। একই রাতে চারঘাটে রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এ ছাড়া নগরীর শিরোইল ও কোর্ট এলাকায় দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে নগরী ও জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরগুনা প্রতিনিধি জানান, বরগুনা পৌর শহরের চরকলোনি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাবেক জেলা সদস্য মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১টার দিকে সরকারি মহিলা কলেজের পেছনে অবস্থিত ওই বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। বরগুনা সদর থানা পুলিশ জানায়, রাতে টহল দেয়ার সময় বাড়িটিতে আগুন দেখতে পান পুলিশ সদস্যরা। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাসনাইন পারভেজ বলেন, আমরা টহল অবস্থায় সরকারি মহিলা কলেজের পেছনের বাড়িটিতে আগুন দেখতে পাই। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। কে বা কারা আগুন দিয়েছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা পৌর-বিএনপি’র সাধারণ সম্পাদক অলিউর রহমানের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে আওয়ামী লীগ অধ্যুষিত কোটালীপাড়ার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে রামদা, লগি- বৈঠা ও লাঠি হাতে নিয়ে জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে মিছিল আসতে শুরু করে। দুপুর ১২টার মধ্যেই উপজেলা সদরের বিভিন্ন সড়কসহ আশপাশের এলাকায় অবস্থান নেয়।
