গাজীপুর আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ অবরোধ

ফন্ট সাইজ:

বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন এখনো থামেনি। গতকাল রাজধানীতে শিল্পাঞ্চল এলাকায় স্বস্তি ফিরলেও গাজীপুর ও আশুলিয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এদিন গাজীপুর মহানগরের ধারনা এলাকায় এবং শ্রীপুর উপজেলায় শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও লাঠিপেটা করে। নিরাপত্তাঝুঁকির কারণে ৩০টির বেশি পোশাক ও শিল্পকারখানা ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ। আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া পুলিশের দু’টি গাড়ি ভাঙচুর করা হয়।

গাজীপুরে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর: গতকাল গাজীপুর মহানগরের ধারনা এলাকায় এবং শ্রীপুর উপজেলায় শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও লাঠিপেটা করে। পরে ৩৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। নিরাপত্তাঝুঁকির কারণে শ্রীপুর, মাওনা, বাঘের বাজারসহ বিভিন্ন এলাকায় ৩০টির বেশি পোশাক ও শিল্পকারখানায় ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ। স্থানীয়রা জানান, সকালে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে গিয়ে কারখানার ভেতরে অবস্থান নেন। একপর্যায়ে বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক স্থানে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। সকাল পৌনে ১১টার দিকে শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে কয়েকটি কারখানার শ্রমিকেরা মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে মাওনা চৌরাস্তার দিকে এগিয়ে যান। মিছিল ক্রমেই বড় হতে থাকে। বেলা ১১টার দিকে শ্রমিকেরা মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের চন্নাপাড়া এলাকায় গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়ক ছেড়ে চলে যাওয়ার অনুরোধ জানান। শ্রমিকেরা সেই অনুরোধ উপেক্ষা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আনসার সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে লাঠিপেটা শুরু হলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় কয়েকজন শ্রমিক আহত হন। এতে আশপাশের বিভিন্ন শিল্পকারখানায় আতঙ্ক দেখা দেয়। নিরাপত্তার স্বার্থে একের পর এক কারখানা ছুটি ঘোষণা করতে থাকেন কর্তৃপক্ষ।

এছাড়া, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সালনায় মহাসড়ক অবরোধ করে দু’টি কারখানার পোশাক শ্রমিকরা। পুলিশ এসে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আধাঘণ্টার মধ্যে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকেরা বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে সড়ক-মহাসড়ক অবরোধ করেন। মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে শ্রমিকরা অবরোধ করলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়া হয়। এ ছাড়া আনসার রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে টিয়ারশেল নিক্ষেপ করে সরিয়ে দেয়া হয়। গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়। পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন।

আশুলিয়ায় সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত, ৬৫ কাখানা বন্ধ: বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকার অরুণিমা পোশাক কারখানার সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, কিছুদিন বন্ধ থাকার পর গত দু’দিন ধরে অরুণিমা পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চলছিল। সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ দেননি। পরে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এরপরও শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে হইচই করতে থাকেন। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও ঢাকা জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

মিরপুরে স্বস্তি: কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের পর রাজধানীর মিরপুরের পোশাকশিল্প এলাকায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। এতে শিল্পাঞ্চল এলাকায় স্বস্তি ফিরলেও অস্বস্তি কাটেনি। সরজমিন দেখা যায়, মিরপুরের অধিকাংশ কারখানায় উৎপাদন চলছে। সকালে শ্রমিকদের কারখানায় প্রবেশ করেন। সড়কেও আগের কয়েক দিনের তুলনায় কিছুটা স্বাভাবিক পরিবেশ দেখা গেছে। তবে সব কারখানায় এখনো উৎপাদন শুরু হয়নি। কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। শ্রমিক, কারখানার কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েকদিনের আন্দোলন ও সংঘর্ষে একদিকে যেমন শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে, অন্যদিকে কাজ বন্ধ থাকা, হাজিরা ও মজুরি না পাওয়া এবং ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। একইসঙ্গে শ্রমিকদের ওপর নির্ভরশীল হোটেল, খাবারের দোকানসহ ছোট প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়ও প্রভাব পড়েছে।