এক টেবিলে তিন ক্ষমতাধর নেতা

এক টেবিলে তিন ক্ষমতাধর নেতা

ফন্ট সাইজ:

বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী নেতা—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঐতিহাসিক বৈঠক ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। ইউক্রেন যুদ্ধ, ইরান সংকট, পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা, জ্বালানি নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের অবস্থান কী হবে, তা জানতে অপেক্ষায় ছিল বিশ্ব। তবে বৈঠক শেষে বড় কোনো চুক্তির ঘোষণা না এলেও শান্তি, কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে যৌথ ঘোষণায় একমত হয়েছেন তিন নেতা।

চীনের শেনজেনে বৃহস্পতিবার (১৯শে নভেম্বর) অনুষ্ঠিত এই ত্রিপক্ষীয় বৈঠকটি ছিল আন্তর্জাতিক কূটনীতির এক বিরল ঘটনা। প্রায় ৮১ মিনিটের আলোচনায় তিন নেতা বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন।

বৈঠক শেষে প্রকাশিত যৌথ ঘোষণায় বলা হয়, আন্তর্জাতিক নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে তিন নেতার অভিন্ন অবস্থানও উঠে এসেছে ঘোষণায়। সেখানে বলা হয়েছে, ‘পারমাণবিক যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয় এবং এ যুদ্ধ কখনোই লড়া উচিত নয়।’

পারমাণবিক যুদ্ধ ও আন্তর্জাতিক আদালত
যৌথ ঘোষণায় পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকাতে সংলাপ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। তিন নেতা মনে করেন, পারমাণবিক যুদ্ধের কোনো বিজয়ী নেই। তাই এমন সংঘাত এড়াতে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা ও সহযোগিতা জরুরি।

ঘোষণায় আন্তর্জাতিক অপরাধ আদালতসহ (আইসিসি) আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর এখতিয়ার নিয়েও অবস্থান তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আন্তর্জাতিক অপরাধ আদালত ও এ ধরনের অন্য প্রতিষ্ঠানগুলো যেন নিজেদের এখতিয়ারের অপব্যবহার না করে, সে বিষয়ে একমত হয়েছেন তারা।
এই বক্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের জন্য। ইউক্রেন যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ফলে রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তি এবং আন্তর্জাতিক আদালতের এখতিয়ার নিয়ে তিন নেতার যৌথ অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করতে পারে।

জ্বালানি নিরাপত্তায় সহযোগিতার বার্তা
বৈঠকে জ্বালানি নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে। যৌথ ঘোষণায় পরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনার কথা জানানো হয়েছে। বিশ্ব জুড়ে যুদ্ধ, নিষেধাজ্ঞা ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে জ্বালানি বাজারে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার মধ্যে এই ঘোষণা গুরুত্বপূর্ণ।
ইউক্রেন ও ইরানকে ঘিরে সংঘাত এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি করেছে। তেলের দাম ও সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে বিশ্বের অন্যতম বড় জ্বালানি উৎপাদক রাশিয়া এবং বড় ভোক্তা ও অর্থনৈতিক শক্তি চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনাকে তাই বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনা কীভাবে বাস্তবায়িত হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

পুতিনের কূটনৈতিক প্রত্যাবর্তন, শি’র অবস্থান আরও দৃঢ়: এই বৈঠক পুতিনের জন্যও ছিল কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর পশ্চিমা বিশ্বের বড় অংশের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করার চেষ্টা চললেও ট্রাম্পের সঙ্গে একই টেবিলে বসা তাকে আবারো বৈশ্বিক কূটনীতির কেন্দ্রে নিয়ে এসেছে।

অন্যদিকে, শি জিনপিংয়ের জন্য বৈঠকটি চীনের ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রভাব তুলে ধরার সুযোগ। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দুই নেতাকে নিয়ে আলোচনায় বসে চীন কার্যত দেখিয়েছে, বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক সিদ্ধান্তে বেইজিংকে উপেক্ষা করা সম্ভব নয়।

ট্রাম্পের জন্যও বৈঠকটি ছিল নিজের কূটনৈতিক সক্ষমতা তুলে ধরার মঞ্চ। তবে পুতিন ও শি’র সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা বললেও বাণিজ্য, ইউক্রেন যুদ্ধ, জ্বালানি এবং প্রযুক্তি প্রতিযোগিতার মতো জটিল বিরোধগুলো সহজে মিটে যাওয়ার সম্ভাবনা নেই।

শান্তির চেয়ে সম্পর্কের প্রদর্শন বেশি
বৈঠকে তিন নেতার ব্যক্তিগত সম্পর্ক বিশেষ গুরুত্ব পেয়েছে। ট্রাম্প গত দুই বছর ধরে শি ও পুতিনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছেন। তার ধারণা, নেতাদের মধ্যে সুসম্পর্ক থাকলে আন্তর্জাতিক বিরোধ মেটানো সহজ হবে। বৈঠকের আগে তিনি দুজনকেই ‘বন্ধু’ বলে উল্লেখ করেন। শি’র সঙ্গে আলোচনায় ট্রাম্প বলেন, তারা দুজন যতদিন দায়িত্বে থাকবেন, ততদিন দুই দেশের মধ্যে কোনো সমস্যা হবে না বলে তার বিশ্বাস।
তবে এই ব্যক্তিগত ঘনিষ্ঠতা এখন পর্যন্ত বড় কোনো কূটনৈতিক সাফল্য এনে দিতে পারেনি।

বড় প্রশ্নগুলো এখনো অমীমাংসিত
বৈঠক ঘিরে সবচেয়ে বড় প্রত্যাশা ছিল ইউক্রেন যুদ্ধ ও ইরান সংকট নিয়ে কোনো অগ্রগতির ঘোষণা আসবে। কিন্তু যৌথ ঘোষণায় এসব সংঘাতের সমাধান নিয়ে নির্দিষ্ট কোনো চুক্তির কথা বলা হয়নি।

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থানের ব্যবধানও রয়ে গেছে। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত প্রযুক্তির ওপর আধিপত্য নিয়েও তিন দেশের মধ্যে প্রতিযোগিতা রয়েছে। বিশেষ করে এআই প্রযুক্তি ও চিপ রপ্তানি নিয়ন্ত্রণের প্রশ্নে যুক্তরাষ্ট্র ও চীনের মতপার্থক্য বড় চ্যালেঞ্জ। এসব বিষয়ে বৈঠকে আলোচনা হলেও কোনো সমঝোতার বিস্তারিত প্রকাশ করা হয়নি।
সব মিলিয়ে, তিন নেতার বৈঠক থেকে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ বা বড় কোনো আন্তর্জাতিক সংকটের সমাধান আসেনি। তবে পারমাণবিক যুদ্ধ এড়ানো, কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখা এবং জ্বালানি নিরাপত্তায় সহযোগিতার বিষয়ে যৌথ ঘোষণাকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন শক্তির নেতা একই টেবিলে বসে শান্তি ও নিরাপত্তার অঙ্গীকার করেছেন—এটাই আপাতত বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি। তবে সেই অঙ্গীকার বাস্তবে কতোটা কার্যকর হয়, তার উত্তর মিলবে আগামী দিনের পদক্ষেপে।