গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস উপলক্ষে ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, ২১শে নভেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে সমাবেশ, মিছিল, আলোচনা সভা, বিজয় র্যালি ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে তারা। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উপলক্ষেও তাদের কর্মসূচি থাকছে। বৃহস্পতিবার বিকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।
এ সময় তিনি বলেন, সরকারের ব্যর্থতায় আওয়ামী লীগ নানা অরাজকতা সৃষ্টির সুযোগ পেয়েছে। জনগণের স্বার্থেই জামায়াতের এ কর্মসূচি। জাতীয় সংকট মোকাবিলায় সরকার, বিরোধী দল ও জনগণের মধ্যে ঐক্য প্রয়োজন। জামায়াত দেশপ্রেমিক, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে চায়। জনগণকে সঙ্গে নিয়ে নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় কার্যকর না করে সরকার বিরোধী দলকে পাশ কাটিয়ে একতরফাভাবে এগিয়ে যাচ্ছে। এতে রাজনৈতিক অঙ্গনে সংকট তৈরি হয়েছে। সংসদে এ সংকটের সমাধান হচ্ছে না, রাজপথের আন্দোলনও অব্যাহত রয়েছে। সরকার দ্রুত নিজের অবস্থান পরিবর্তন না করলে পরিস্থিতি আরও ঘনীভূত হতে পারে। দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এসব ঘটনা এখন আর শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২২টির বেশি জেলায় সংঘাতের ঘটনা ঘটেছে।
জামায়াতের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২১শে নভেম্বর ঢাকায় সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে সমাবেশ ও মিছিল করবে জামায়াত। বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ২৫শে নভেম্বর ঢাকা ছাড়া দেশের ১১টি মহানগরে একই দাবিতে সমাবেশ ও মিছিল করবে দলটি। একইদিন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় মানববন্ধন করবে জামায়াতের মহিলা বিভাগ। ২৬শে নভেম্বর জেলা সদরে এবং ৩০শে নভেম্বর উপজেলা ও থানা সদরে একই দাবিতে সমাবেশ ও মিছিলের আয়োজন করা হবে। ২৯শে নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা করবে দলটি।
এ ছাড়া ২রা ডিসেম্বর পোশাকশিল্পের অস্থিরতা ও সংকট সমাধানে আলোচনা সভা, ৬ই ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ৯ই ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা করবে জামায়াত। ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা এবং ১৩ই ডিসেম্বর ব্যবসায়ী সম্মেলনের আয়োজন করা হবে। ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করবে দলটি। মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ই ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা এবং ১৬ই ডিসেম্বর রাজধানীসহ সারা দেশে বিজয় র্যালির আয়োজন করা হবে।
কর্মসূচির অংশ হিসেবে ১৯শে ডিসেম্বর শহীদ শরিফ ওসমান বিন হাদির শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া, ২০শে ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা, ২১শে ডিসেম্বর প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা এবং ২৩শে ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা হবে। এ ছাড়া ২৬ থেকে ৩১শে ডিসেম্বর সারা দেশে রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা দেয়ার কর্মসূচি পালন করবে দলটি।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম ও হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
