বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রস্তুতি চলছে পুরোদমে। ভারতে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সূত্রে জানা গেছে, নভেম্বরের শেষ সপ্তাহে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার সম্ভাবনা রয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আ হ ম বাহাউদ্দিন নাসিম জানিয়েছেন, হাসিনার দেশে ফেরার কাউন্টডাউন শুরু হয়েছে ১লা নভেম্বর থেকে। এই কাউন্টডাউন শেষ হবে ৩০শে নভেম্বর। তিনি জানিয়েছেন, দেশে-বিদেশে থাকা আওয়ামী লীগ নেতারা তৈরি রয়েছেন।
বিদেশি সংবাদ সংস্থা এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি)-কে দেয়া এক ই-মেইল সাক্ষাৎকারে শেখ হাসিনা সর্বশেষ জানিয়েছেন, ‘আমি ইতিমধ্যেই ডিসেম্বরে বাংলাদেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।’ সেই সঙ্গে তিনি বলেছেন, ‘আমি দেশে ফিরে এলে কী ধরনের ঝুঁকির মুখে পড়তে পারি, সে সম্পর্কে আমি পুরোপুরি অবগত। তবে আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। মৃত্যুর কোনো হুমকিই আমাকে আমার দেশ থেকে দূরে রাখতে পারবে না।’
কূটনৈতিক মহলের একটি অংশের মতে, তিনি সম্ভবত এমন একটি পরিস্থিতির ওপর ভরসা করছেন যেখানে বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবের কন্যাকে মৃত্যুদণ্ড দেয়া সত্ত্বেও, তার মৃত্যুদণ্ড কার্যকর করা সরকারের জন্য কঠিন হয়ে পড়তে পারে। আর তাই বাংলাদেশে প্রত্যাবর্তনের পক্ষে হাসিনার গলায় আত্মপ্রত্যয়ের সুর শোনা যাচ্ছে।
তবে ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাসিনার ফিরে যাওয়ার প্রতিশ্রুতিটি রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার, সমর্থকদের আনুগত্য ধরে রাখার এবং এমন একটি দলকে টিকিয়ে রাখার প্রচেষ্টা, যে দলটি একসময় বাংলাদেশে আধিপত্য বিস্তার করেছিল, কিন্তু বর্তমানে যার কার্যক্রম নিষিদ্ধ।
কিন্তু হাসিনা কীভাবে বাংলাদেশে ফিরবেন সেটিই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে হাসিনার পক্ষে লন্ডন ভিত্তিক আইনি সংস্থা ম্যাট্রিক্স চেম্বারস হাসিনার পক্ষে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন জানিয়েছে। সেই আবেদন যে হাসিনার তা নিয়ে সংশয় প্রকাশ করার পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক পাসপোর্ট দেয়ার বিষয়টি নাকচ করে দিয়েছে। তবে, এখন পর্যন্ত আইনি সংস্থাকে কোনো কিছু জানানো হয়নি। তাই জানা গেছে খুব শিগগিরই ম্যাট্যিক্স চেম্বারের পক্ষ থেকে আরেকটি চিঠি দেয়া হবে। সেই চিঠিরও কোনো উত্তর না দিলে ম্যাট্রিক্স চেম্বারস তাদের সম্পর্কে অপ্রীতিকর মন্তব্যের জন্য বিশাল অঙ্কের মানহানির ফৌজদারি মামলা করতে পারে লন্ডনের আদালতে, এমন কথাও শোনা যাচ্ছে। তবে এর কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি।
তাই, আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তিনি কীভাবে ফিরবেন। অতীতের অনেক ঘটনার উল্লেখ করে বিশেষজ্ঞরা মনে করছেন, শেষ মুহূর্তে বাংলাদেশ সরকার একবারের জন্য ট্রাভেল পাস ইস্যু করতে পারে। তবে, সেটা যদি না হয় তিনি ভারতের দেয়া ট্রাভেল ডকুমেন্ট নিয়ে বাংলাদেশে যেতে পারেন। এই প্রথা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ভারতের বংলাদেশ বিষয়ে এক অভিজ্ঞ সাংবাদিক বলেছেন, ভারতে থাকা আওয়ামী লীগ নেতাদের প্রায় সকলেরই পাসপোর্ট বাতিল করা হয়েছে। কিন্তু তাদের অনেকেই ভারতের দেয়া ট্রাভেল পাস নিয়েই বিভিন্ন দেশে যাচ্ছেন এবং ভারতে ফিরেও আসছেন। তবে এক্ষেত্রে প্রশ্ন, বাংলাদেশ ভারতের ইস্যু করা সেই ট্রাভেল ডকুমেন্টকে স্বীকৃতি দেবেন কিনা।
এখনো কৌশলগত কারণে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীরা বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে কী পদক্ষেপ নেবেন তা স্পষ্ট নয়। তিনি সামরিক বিমানেই বাংলাদেশে ঢাকায় নামবেন নাকি সড়কপথে প্রবেশ করবেন সেটাই বিচার বিশ্লেষণ করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে ভারতীয় নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের মতামতকেও গুরুত্ব দেয়া হচ্ছে। তবে ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনা আমাদের অতিথি। তিনি যেভাবে যেতে চাইবেন আমরা সেই ব্যবস্থাই করবো।
কলকাতায় থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতা ও বিভিন্ন দেশ থেকে আসা দলীয় নেতৃবৃন্দের ধারণা, শেখ হাসিনা পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়েই বাংলাদেশে প্রবেশ করবেন। তার সঙ্গে থাকবেন কয়েকশ’ বিদেশি সাংবাদিক এবং আন্তর্জাতিক কূটনৈতিক পর্যবেক্ষক। তাই তাদের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে দলীয় নেতা ও কর্মীসহ হাসিনাকে আটকানো সম্ভব নয় বলেই তারা মনে করছেন।
জানা গেছে, ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন সীমান্তে বিজিবিকে সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে। বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গিয়েছেন বলেও একটি সূত্রে জানা গেছে।
বিদেশি সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশ সরকারের প্রত্যাবর্তনের অবস্থানকে ‘পরস্পরবিরোধী’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘কয়েক মাস ধরে তারা আমার ফিরে আসার দাবি জানিয়ে আসছে। অথচ যখন আমি দেশে ফেরার জন্য বাস্তব পদক্ষেপ নিচ্ছি, তখন মনে হচ্ছে তারা আমাকে দেশে ফিরতে দেয়ার চেয়ে বরং হুমকি দেয়ার বিষয়েই বেশি আগ্রহী।’ তার মতে, ‘সত্যি বলতে, বাংলাদেশ কর্তৃপক্ষের এই পরস্পরবিরোধী বক্তব্যগুলো অনেক কিছুই স্পষ্ট করে দেয়।’
