পটিয়ায় অস্ত্রের মুখে ২৫ কৃষক অপহৃত

ফন্ট সাইজ:

চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও পাহাড়ি এলাকায় কৃষিকাজ করতে যাওয়া ২৫ কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের গহীনে অপহরণ করে নিয়ে গেছে একটি সশস্ত্র দল। মঙ্গলবার সকালে ঘটনা ঘটার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের উদ্ধার করা যায়নি। 

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পূর্ব হাইদগাঁও পাহাড়ি এলাকায় কৃষিকাজ করতে যাওয়ার সময় ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র দল ২৫ কৃষককে জিম্মি করে। পরে তাদের পাহাড়ের গহীনে নিয়ে যাওয়া হয়। অপহৃতদের অধিকাংশই হাইদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ও আশপাশের এলাকার বাসিন্দা।
অপহৃতদের মধ্যে জসিম উদ্দিন (৪৫), ফরমান উদ্দিন (৩৫), আবদুল মন্নান (৪৮), জয়লাল আবেদিন (৩৬), আবদুল গনি (৩৫) ও মোহাম্মদ জাফরের (২৬) নাম জানা গেছে।

পালিয়ে আসা দুই কৃষক জানান, মঙ্গলবার সকালে তারা নিজেদের পাহাড়ি জমিতে কাজ করতে যাচ্ছিলেন। পথে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র দল তাদের ঘিরে ফেলে জিম্মি করে। পরে পাহাড়ের গহীনে নিয়ে যাওয়া হলে কৌশলে পালিয়ে বাড়িতে ফেরেন তারা।

অপহৃত এক কৃষকের পরিবারের সদস্য জানান, অপহরণকারীরা মুঠোফোনে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করেছে। পরিবারের পক্ষ থেকে বিকাশের মাধ্যমে ৮০ হাজার টাকা পাঠানো হলেও ওই কৃষকের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারটির অভিযোগ, বিষয়টি পুলিশ কিংবা গণমাধ্যমকে জানালে অপহৃতদের ওপর নির্যাতন চালানোর হুমকি দিয়েছে অপহরণকারীরা।

হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, প্রায়ই পাহাড়ি এলাকা থেকে কৃষকদের ধরে নিয়ে মারধর করা হয় এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। এসব ঘটনার সঙ্গে পাহাড়ি সন্ত্রাসীদের পাশাপাশি স্থানীয় কিছু ব্যক্তিও জড়িত বলে অভিযোগ করেন তিনি। কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইদগাঁও পাহাড়ি এলাকায় সেনাক্যাম্প স্থাপনের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, কৃষকদের অপহরণের বিষয়টি তিনি জানতে পেরেছেন। তাদের দ্রুত উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করা হয়েছে।

এদিকে বুধবার রাতে পটিয়া থানা পরিদর্শনে যান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভুক্তভোগীদের স্বজনদের পক্ষ থেকে থানায় লিখিত বা মৌখিক অভিযোগ না এলেও সাংবাদিকদের মাধ্যমে তথ্য পাওয়ার পরপরই থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক দল উদ্ধার অভিযান শুরু করে। পুলিশের তৎপরতায় অপহৃত ৭ থেকে ৮ জন নিরাপদে ফিরে এসেছেন।