জাতীয় ঐক্যের প্রতি ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সমর্থন

ফন্ট সাইজ:

বিদেশি মদতপুষ্ট কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন, তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)। বৃহস্পতিবার সংগঠনের সভাপতি শফিক রেহমান ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের যৌথ বিবৃতিতে এই সমর্থন ব্যক্ত করা হয়। বিবৃতিতে গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে ‍উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, বিদেশি সমর্থনপুষ্ট সন্ত্রাসী তৎপরতা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মী ও সমর্থকরা দেশে যে সহিংসতা চালাচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছি।

এ পরিস্থিতিতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরা মনে করি, সব রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলোর জাতীয় স্বার্থে ঐক্য প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হওয়া উচিত। এনইসি মনে করে, জুলাই বিপ্লবে দেড় হাজার মানুষের আত্মত্যাগ ও বিশ হাজার মানুষের পঙ্গুত্ববরণের মধ্যদিয়ে দেশে গণতান্ত্রিক যে অভিযাত্রা শুরু হয়েছে, তা সুদৃঢ় করতে হবে। সব ধরনের বিভাজনের ঊর্ধ্বে উঠে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পরাজিত তাঁবেদার শক্তির যাবতীয় দেশবিরোধী কর্মকাণ্ডকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের বিকল্প নেই।
আমরা ক্ষমতাসীন ও বিরোধী দলের উদ্যোগকে স্বাগত জানাই।