বিগত ১৬ বছরে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণের জন্য বিদেশি বিনিয়োগ জরুরি। এলক্ষ্যে বিদেশি বিনিয়োগকারীদের সর্বাপেক্ষা সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর কুড়িল বিশ্বরোডে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বাংলাদেশ এলিভেটর এক্সেলেটর অ্যান্ড লিফ্ট ইমপোর্টার্স এসোসিয়েশনের (বিইইএলআইএ) আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক এক্সপোতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের সুযোগ দেয়া হলেও অগ্রাধিকার পাবেন দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা। সব মিলিয়ে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হবে বাংলাদেশ। দেশের বিনিয়োকারীদের দেশে বিনিয়োগ করা উচিত।
তিনি বলেন, বাংলাদেশ ধারাবাহিকভাবে টেকসই অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। দেশের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সরকার। প্রতিমন্ত্রী বলেন, আমরা আর্থ- সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নে কাজ করছেন। এজন্য সব মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ কাজ করছে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, লিফ্ট ও এলিভেটর খাতের ট্যাক্স নিয়ে বিইইএলআইএ’র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে সরকার। আধুনিক শহরে লিফ্ট ও এলিভেটর একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই সরঞ্জামের মানের বিষয়টি বিবেচনায় রেখে বিদেশ থেকে আমদানি করার জন্য সহজ ব্যবস্থা করা হবে।
আয়োজনে বিইইএলআইএ’র সভাপতি মো. শফিউল আলম উজ্জ্বল বলেন, উচ্চ করের কারণে খারাপ সময় অতিক্রম করছেন এই খাতের ব্যবসায়ীরা। ২০২৬ সালে এই খাতের শুল্ক দ্বিগুণ বাড়ানো হয়েছে। এতে হুমকির মুখে লিফ্ট-এলিভেটর ও আবাসন খাত।
আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করলে বিইইএলআইএ আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বাংলাদেশ লিফ্ট এলিভেটর অ্যান্ড ইমপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইয়াদুল হক। বিইইএলআইএ আয়োজিত এক্সপোতে বিশ্বের ১০টি দেশের ১১০টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এতে ৩০০ স্টল বসেছে। আইসিসিবি’তে ১৯শে নভেম্বর থেকে শুরু হওয়া এই আন্তর্জাতিক এক্সপো চলবে ২১শে নভেম্বর পর্যন্ত।
