সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় নগরীর কলেজ রোডস্থ বাসভবনে এ ঘটনা ঘটে। এতে বাসভবনের নিচতলার একটি কক্ষ বেশ ক্ষতিগ্রস্ত হয়। পুড়ে গেছে আসবাবপত্র। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ছাত্রদলের ৪০-৫০ জন যুবক কলেজ রোড সংলগ্ন বৈদ্যপাড়ার আলহাজ নাসির উদ্দিন সড়কে গিয়ে জিয়াউল আহসানের বাসভবন তহুরা মঞ্জিলে ঢুকে ভাঙচুর শুরু করে। এতে তিনতলা একটি ভবনের জানালার গ্লাস সম্পূর্ণ ভাঙচুর করা হয়। একপর্যায়ে নিচতলায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। যুবকরা চলে যাওয়ার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দেয়া বাসভবনটিতে জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটির সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বসবাস করতেন। ২০২৪ সালের ৫ই আগস্টের পর ওই ভবনটিতে থাকেন না বিপ্লব।
এ ছাড়াও তহুরা মঞ্জিলের অন্য ভবনে বসবাস করেন জিয়াউল আহসানের বড় ভাই ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মু. জিয়াউল হক। তিনিও বরিশালে বর্তমানে থাকেন না। আর জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। এসব বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের বগুড়া ফাঁড়ির ইনচার্জ মাহাফুজুর রহমান বললেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। কে বা কারা আগুন দিয়েছে সেটা আমরা এখনো জানতে পারিনি।
