এতদিন কোথায় ছিলেন নাহিদ

এতদিন কোথায় ছিলেন নাহিদ

ফন্ট সাইজ:

রাজধানীর গুলশান থেকে উত্তরায় গিয়েই গ্রেপ্তার হন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য। সাড়ে ২৬ মাস তিনি গুলশান দুই নম্বরের একটি ফ্ল্যাটে বসবাস করেছেন। ওই সময় সিলেটে তার ঘনিষ্ঠজনরা মাঝেমধ্যে গিয়ে দেখা করে এসেছেন। সিলেটের স্বজনরা জানিয়েছেন- গ্রেপ্তার হওয়ার দিন বুধবার সকালে স্ত্রী জহুরা জেসমিনকে নিয়ে গুলশানের ওই ফ্ল্যাট থেকে উত্তরা মেয়ের বাসার যান। রাতে সেখান থেকে গ্রেপ্তার হন তিনি। নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগ সরকারের দুই টার্মের শিক্ষামন্ত্রী।

তিনি দলটির প্রেসিডিয়াম সদস্যও ছিলেন। শিক্ষামন্ত্রী থাকাকালে সিলেটে ঘনিষ্ঠ নেতাদের দাপট ছিল একচেটিয়া। এতে করে সিলেটে ঘনিষ্ঠজনদের কারণে বিতর্কের মুখে পড়েছিলেন আওয়ামী লীগের এই নেতা। এরপর আওয়ামী লীগের বাকি সময়টুকু সংসদ সদস্য হলেও তিনি মন্ত্রিসভায় জায়গা পাননি। এমনকি তাকে প্রেসিডিয়াম সদস্য থেকে সরিয়ে দেয়া হয়। তার স্থলে সিলেট থেকে প্রেসিডিয়াম সদস্য করা হয় জেবুন্নেছা হককে। দলীয় সূত্র বলছে. গণ-অভুত্থানকালীন সময়ে ঢাকার উত্তরায় বাসায় ছিলেন নুরুল ইসলাম নাহিদ। ওখান থেকেই তিনি নিজ নির্বাচনী এলাকা সিলেট-৬ আসনের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন।

অভ্যুত্থানের পর নিরাপত্তার কারণে তিনি উত্তরার বাসা থেকে রাজধানীর গুলশান দুই নম্বরের একটি ফ্ল্যাটে অবস্থান নেন। সঙ্গে ছিলেন তার স্ত্রী জহুরা জেসমিন। ওই বাসাতেই তিনি কাটিয়ে দেন সাড়ে ২৬ মাস। ওই ফ্ল্যাটে তার মেয়ে সহ একান্ত নিকট আত্মীয়দের যাতায়াত ছিল। গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনেই ছিলেন। আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা তার অবস্থান জানতেন না। ফলে নিরাপদে নাহিদ ওই বাসাতেই ছিলেন। মাঝখানে তিনি গুরুতর অসুস্থ হন। বাসাতে রেখেই তাকে চিকিৎসা দেয়া হয়। অশীতিপর নাহিদ অসুস্থতা থেকে কিছুটা সেরে উঠলেও শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন বলে সিলেটের তার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। তারা জানান- অসুস্থতার কথা বিবেচনা করে পারিবারিক সিদ্ধান্তে তিনি বুধবার সকালে গুলশানের ওই ফ্ল্যাট ছাড়েন। এরপর স্ত্রী জহুরা জেসমিনকে নিয়ে উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১৩ নং বাসায় যান নাহিদ। ওই বাসাটি তার মেয়ের। সকালে তিনি সেখানে ওঠেন। রাত আড়াইটার দিকে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। নাহিদের ঘনিষ্ঠ যুক্তরাজ্যে পলাতক এক আওয়ামী লীগ নেতা জানিয়েছেন- দীর্ঘ সাড়ে ২৬ মাস নুরুল ইসলাম নাহিদ একই ফ্ল্যাটে বন্দি ছিলেন। একদিনের জন্য তিনি ওই বাসা থেকে বের হননি। তবে দেশের বাইরে থাকা স্বজন ও নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ ছিল। অসুস্থতার কারণে তার শারীরিক অবস্থা নিয়ে সবাই চিন্তিত ছিলেন। তিনি জানান- বর্তমানে দলীয় কোনো কার্যক্রমে নাহিদ সম্পৃক্ত ছিলেন না। এমনকি নেতাকর্মীদের সঙ্গেও তার যোগাযোগ ছিল না। এদিকে নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার হওয়ার পর বাসায় লুটপাটের অভিযোগ তুলেছেন তার স্ত্রী জহুরা জেসমিন।

তিনি জানিয়েছেন- সন্ধ্যার দিকে পুলিশ পরিচয়ে বেশ কয়েকজন যুবক উত্তরার বাসায় ঢুকেছিল। তারা নিজেদের প্রথমে পুলিশ পরিচয় দেয়। পরে গ্রেপ্তার করবে না জানিয়ে বাসা থেকে বেশ কিছু মালামাল নিয়ে যায়। এরপর রাতে পুলিশ এসে গ্রেপ্তার করেছে। নুরুল ইসলাম নাহিদের গ্রেপ্তার হওয়ার সময় যে ভিডিও ধারণ করা হয়েছিল সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে; এতো রাতে ভিডিও ক্যামেরাসহ বাসায় মানুষ আসায় নুরুল ইসলাম নাহিদ প্রশ্ন করেন ‘আপনারা পুলিশ না সাংবাদিক বুঝবো কি করে’। এরপর পুলিশের পরিচয় নিশ্চিত হলে তিনি জানতে চান- ‘আমি কোথায় যাবো?’ পরে পুলিশ সদস্যরা তাকে উত্তর জানান। পুলিশের সঙ্গে বিদায় হওয়ার সময় নাহিদ স্ত্রী ও সন্তানদের জড়িয়ে ধরেন।

এদিকে, নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তারের পর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে গণ-অভুত্থানের পর সংঘটিত একাধিক ঘটনায় তাকে দোষারোপ করা হচ্ছে। গোলাপগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মারা গিয়েছিলেন ৬ প্রতিবাদী মানুষ। বিয়ানীবাজারে আরও কয়েকজন নিহত হয়েছিলেন। নিজ নির্বাচনী আসনের ঘটনায় নুরুল ইসলাম নাহিদকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীরা।