শারমিন হাসনিন তানিয়া নামের এক বিধবার সঙ্গে শারীরিক সম্পর্ক করার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতের রুকন সদস্য ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা ঝিনাইদহ শহরের আরাপপুর চানপাড়ার বাসিন্দা আজিজুর রহমান। বৃহস্পতিবার ঝিনাইদহ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই বিধবার অভিযোগ খণ্ডন করে তিনি দাবি করেন, বিয়ে না করায় তানিয়া তার বাড়িতে এসে ফেসবুক সাংবাদিকদের ভাড়া করে মব সৃষ্টি করে আমার মানহানি করার জন্য মিথ্যা ষড়যন্ত্র করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজিজুর রহমান জানান, গত ৭ই অক্টোবর আরাপপুর সোনালীপাড়া এলাকার বাসিন্দা ঘটক মিজানুর রহমানের মাধ্যমে শারমিন তানিয়ার সঙ্গে বিয়ের প্রস্তাব পান তিনি। এরপর ১০ই অক্টোবর শহরের মকবুল প্লাজার একটি রেস্টুরেন্টে ওই নারী তার মামা ও ঘটকের মাধ্যমে তার সরাসরি দেখা হয়, সেখানে তানিয়ার ছেলেও উপস্থিত ছিল। পরবর্তীতে ২২শে অক্টোবর ওই নারীর বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ের বিষয়ে আলোচনা করেন তিনি এবং উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে বিয়ের প্রাথমিক সিদ্ধান্ত হয়। এ উপলক্ষে তিনি কিছু কেনাকাটাও করেছিলেন। পরবর্তীতে আজিজুর রহমানের সন্তানরা ঢাকা থেকে বাড়িতে এলে বিয়ের বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা হয় এবং পরিবার থেকে লোকজন তানিয়ার বিষয়ে আরও জানাজানির জন্য সময় নেয়ার সিদ্ধান্ত নেয়।
বিষয়টি তিনি ওই নারীর মামাকে তখনই অবহিত করেন। আজিজুর রহমানের অভিযোগ, বিয়ের জন্য সময় চাওয়ার কারণে শারমিন তানিয়া তাকে মোবাইলে নানা ধরনের হুমকি-ধমকি দিতে থাকেন। বিয়ে না করলে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে জোরপূর্বক বিয়েতে বাধ্য করা, তার ছেলেমেয়েদের বাড়ি থেকে উচ্ছেদ এবং ঝিনাইদহ থেকে বিতাড়িত করার হুমকি দেন। এই বেগতিক পরিস্থিতির কারণে তিনি গত ১৬ই নভেম্বর ঝিনাইদহ সদর থানায় শারমিন তানিয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, গত ১৭ই নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে শারমিন তানিয়া ১০০ থেকে ১৫০ জন লোক নিয়ে তার বাড়ির সামনে উপস্থিত হন। এ সময় বাড়ি দখলের চেষ্টা, গেট ভাঙচুর, প্রাণনাশের হুমকি এবং অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। পাশাপাশি উপস্থিত সংবাদকর্মী ও স্থানীয়দের সামনে তার বিরুদ্ধে ধর্ষণ ও শারীরিক সম্পর্কের মিথ্যা অপবাদ দিয়ে চিৎকার-চেঁচামেচি করতে থাকে।
সংবাদ সম্মেলনে আজিজুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে জড়িয়ে মানহানিকর সংবাদ ও মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে; যা তার সামাজিক সম্মান ও পারিবারিক মর্যাদাকে চরমভাবে ক্ষুণ্ণ করছে। সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান, শাহির উল্লাহ, আশরাফুল ইসলাম ও মেহেদী হাসানসহ এলাকার পাড়া-প্রতিবেশীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তানিয়ার বিরুদ্ধে প্রশাসনের কাছে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান আজিজুর রহমান।
