বৈরী আবহাওয়ার কবলে দুবলারচরের শুঁটকিকরণ জেলেরা

ফন্ট সাইজ:

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে গুরুত্ব হওয়ায় ও বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন বাগেরহাটের শরণখোলার দুবলারচরের শুঁটকিকরণ জেলেরা। মাছ ধরা বন্ধ রেখে দু’দিন ধরে তারা নৌকা ট্রলার নিয়ে সুন্দরবনের খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। বৃষ্টিপাতে মাছ ভিজে নষ্ট হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর কারণে সাগর উত্তাল হয়ে পড়েছে। ঝড়ো বাতাসের সঙ্গে প্রবল বৃষ্টিপাত হচ্ছে বলে জানা গেছে। দুবলার আলোরকোল থেকে বৃহস্পতিবার দুপুরে দুবলা ফিসারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোনে জানান, গত দুইদিন যাবৎ সাগরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ঝড়ো হাওয়ার সঙ্গে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হচ্ছে। সাগরে মাছ ধরতে না পেরে শুঁটকিকরণ জেলেরা তাদের নৌকা ট্রলার নিয়ে সুন্দরবনের আলোরকোল, মেহেরআলী, শেলারচর ও মাঝেরকেল্লা এলাকার খালে নিরাপদ আশ্রয়ে আছে। এবারের শুঁটকি মৌসুমের শুরুতে জেলেরা দুইবার বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন বলে তিনি জানিয়েছেন। আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, মৌসুমের শুরুতে দুই দফা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে জেলেরা সাগরে মাছ ধরতে না পেরে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। দু’দিনের বৃষ্টিতে জেলেদের অনেক কাঁচা মাছ ভিজে নষ্ট হয়েছে বলে মোতাসিম ফরাজী জানিয়েছেন।

সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের জেলে পল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান মোবাইল ফোনে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল হয়ে আছে। দুবলারচরের শুঁটকিকরণ জেলেরা গত দুইদিন যাবৎ সাগরে মাছ ধরতে যেতে পারেনি। বর্তমানে দুবলারচর অঞ্চলে দশ সহস্রাধিক জেলে অবস্থান করছে বলে এই ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।