চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি-সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারের ওপর হামলা, বসতঘর ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে কেঁদে কেঁদে ঘটনার বর্ণনা দিয়ে বিচার ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন ভুক্তভোগী ফারজানা আক্তার রুমি। গতকাল দুপুর ১২টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
ফারজানা জানান, উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর (মৌলভীপাড়া) এলাকায় প্রতিবেশী আবছার (২৮) ও তার বাবা ইউনুসের (৫০) সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে গত ৭ই নভেম্বর সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যদের মারধর ও বসতঘর ভাঙচুর করা হয়। এ ঘটনায় তার বাবা আলাউদ্দিন, মা নাসিমা আক্তার, দাদি হালিমা খাতুন ও ছোট ভাই আরমান হোসেন রোহানসহ পরিবারের কয়েকজন আহত হন। হামলার সময় বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা লুট করা হয়েছে বলেও দাবি করেন ফারজানা।
আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। তার বাবা তিনদিন চিকিৎসাধীন থাকার পর পুনরায় হাসপাতালে ভর্তি হন বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে ফারজানা আরও অভিযোগ করেন, ঘটনার পর উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এমনকি তার ছোট ভাইকে ফেনী থেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফারজানা বলেন, তারা এ ঘটনার সুষ্ঠু বিচার চান। পাশাপাশি হয়রানি বন্ধ, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
