রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিদেশে যাওয়ার সময় গত বুধবার রাতে ঢাকা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। গতকাল দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম।
তিনি জানান, বুধবার থাইল্যান্ডের উদ্দেশ্যে যাওয়ার জন্য ঢাকা বিমানবন্দরে উপস্থিত হন বাবলু। এ সময় ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন দমনে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটির চার্জশিট হয়েছে এবং বাকি দু’টি মামলা তদন্তাধীন রয়েছে। চার্জশিট হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম বলেন, গ্রেপ্তার বাবলুর নামে থানায় ৩টি মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
