টাটকা উদাহরণ ছিল বাংলাদেশের সামনে। জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসের শুরুতে তিন উইকেট হারানোর পর তাওহীদ হৃদয় ও লিটন কুমার দাস গড়েন ২০৬ রানের জুটি। সেঞ্চুরি করেন দু’জনই। গতকাল নজর ছিল অপরাজিত দুই ব্যাটসম্যান সেই লিটন দাস এবং মুশফিকুর রহীমের দিকে। ম্যাচ বাঁচাতে হলে অভাবনীয় কিছু দেখানোর দরকার ছিল টাইগারদের। কিন্তু তেমন কিছু হলো না। দিনের প্রথম সেশনেই অবশিষ্ট পাঁচ উইকেট হারিয়ে রণে ভঙ্গ দেয় নাজমুল হোসেন শান্তর দল। ইনিংস ব্যবধানে হার এড়ানো গেছে, এটাই যেন প্রাপ্তি!
জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেট হার দেখলো বাংলাদেশ। ১৬৮ রানে থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। এতে দক্ষিণ আফ্রিকার সামলে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২ রানের। অবশ্য এরই মধ্যে একটি উইকেট নেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। উইকেট হতে পারতো আরও একটি। পেসার ইবাদত হোসেন প্রোটিয়া ওপেনার এইডেন মার্করামের উইকেট ভেঙে দেন। কিন্তু ওটা ছিল নো বল। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মার্কাস অ্যাকারম্যানের উইকেট হারিয়ে ৯ বলে ম্যাচ জিতে যায় প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকায় এ নিয়ে টানা ৯ টেস্টে হারলো বাংলাদেশ। সব মিলিয়ে প্রোটিয়াদের বিপক্ষে ১৭ ম্যাচে এটি ১৫তম পরাজয়। এই পরাজয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে আরও কমলো বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা। ৯ টেস্টে ৩ জয় ও ২ ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে (৪০.৫৭ শতাংশ) পাঁচেই রইলো বাংলাদেশ। আট ম্যাচে ছয় জয়ে ৭২ পয়েন্ট (৭৫ শতাংশ) নিয়ে নিউজিল্যান্ডকে টপকে শীর্ষে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা।
শেষ দিনে প্রথম বলেই ওভারথ্রো করে বাংলাদেশকে বাউন্ডারি উপহার দেন রাবাদা। একইসঙ্গে ‘নো’ বলেরও সংকেত দেন আম্পায়ার। পরের ওভারে রাবাদার বলে চমৎকার কভার ড্রাইভে মুশফিকের সঙ্গে জুটিতে ২ হাজার রান পূর্ণ করেন লিটন। মার্কো ইয়ানসেনের পরপর দুটি বাউন্সারে দারুণ পুল শটে বাউন্ডারি মেরে ফর্মের জানান দেন তিনি। দিনের আধা ঘণ্টায় স্কোর বোর্ডে ওঠে ৩০ রান।
রাবাদার নতুন ওভারে প্রথম বলে বাউন্ডারি মেরে শুরু করেন লিটন। সেটিই যেন ডেকে আনে বিপদ। ফুল লেংথে করা পরের বল আবারও ড্রাইভ করার চেষ্টায় ব্যাটের ভেতরের কানায় লেগে স্টাম্প ভেঙে যায়। ৬ চারে ৩৮ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন লিটন। পরের আধঘণ্টা ক্রিজে টিকে থাকেন মুশফিক ও মেহেদী হাসান মিরাজ। তাতে ইনিংস পরাজয় এড়িয়ে যায় বাংলাদেশ। তবে দুজনকে কখনও তেমন সাবলীল মনে হয়নি। ব্যাটের কানায় লেগে একাধিক বাউন্ডারি পান মুশফিক। পানি বিরতির পর বাকি ৪ উইকেট একাই নিয়ে নেন হার্মার। ক্রিজ ছেড়ে বেরিয়ে ডিফেন্ড করতে গিয়ে গ্লাভস-প্যাড হয়ে শর্ট লেগে ধরা পড়েন মুশফিক।
আম্পায়ার প্রথমে আউট না দিলে রিভিউ নিয়ে সফল হয় স্বাগতিকরা
হার্মারের পরের ওভারে বাজে শটে আউট হন মিরাজ। অভিজ্ঞ প্রোটিয়া অফ স্পিনারের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে অহেতুক বড় শট খেলতে গিয়ে স্টাম্পড হন বাংলাদেশের স্পিন বোলিং অলরাউন্ডার। স্বীকৃত ব্যাটসম্যান সবার বিদায়ে বলার মতো লিড পাওয়ার আশাও মিলিয়ে যায়। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ অবশ্য চেষ্টা করেন প্রতিরোধ গড়ার। তবে তাদেরও বেশি দূর যেতে দেননি হার্মার। শর্ট ডেলিভারিতে অন সাইডে খেলার চেষ্টায় শর্ট লেগে ধরা পড়েন হাসান। পরের বল ছক্কায় ওড়াতে গিয়ে সীমানায় ক্যাচ দেন ইবাদত হোসেন চৌধুরী। ক্যারিয়ারের চতুর্থবার ৫ উইকেট পাওয়া হার্মার সব মিলিয়ে ৫১ রানে নেন ৬ উইকেট। রাবাদার শিকার ৩টি।
মামুলি লক্ষ্যে প্রথম ওভারে মিরাজের বলে স্লিপে ক্যাচ দেন অ্যাকারম্যান। পরের ওভারে ইবাদত হোসেন চৌধুরীর বল ছক্কায় ওড়ান এইডেন মার্করাম। তবে পরের ডেলিভারিতেই তাকে বোল্ড করে দেন ইবাদত। কিন্তু আম্পায়ার দেন ‘নো’ বলের সংকেত। বেঁচে যান মার্করাম।
সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে আগামী সোমবার শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
