রেকর্ড গড়ে মাইলফলক স্পর্শ মুশফিক-লিটন জুটির

রেকর্ড গড়ে মাইলফলক স্পর্শ মুশফিক-লিটন জুটির

ফন্ট সাইজ:

রেকর্ড গড়ে জুটির এক মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহীম ও লিটন কুমার দাস। গতকাল সকালের শুরুতেই সাইমন হার্মারের বলে রাবাদার ওভারথ্রো থেকে ৪ রান উপহার পায় বাংলাদেশ। পরে রাবাদার বলেই বাউন্ডারি মেরে মাইলফলক স্পর্শ করেন লিটন। টেস্ট ক্রিকেটে লিটন-মুশফিক জুটির ২ হাজার রান পূণ হলো। বাংলাদেশের জন্য যা দ্রুততম।

জোহানেসবার্গ টেস্ট শুরুর আগে মাইলফলক থেকে ২০ রান দূরে ছিল মুশফিক-লিটন জুটি। আগের দিন শেষ বিকালে ১৩ রান যোগ করে অবিচ্ছিন্ন থাকেন তারা। গতকাল সকালে দ্বিতীয় ওভারে পূর্ণ হয় এই জুটির ২ হাজার রান। টেস্ট ক্রিকেটে ২ হাজার রানের কীর্তি আছে বাংলাদেশের আর দুটি জুটির। টেস্টের ৭০ ইনিংসে ২ হাজার ৮৬৩ রান সংগ্রহ মুশফিক ও সাকিব আল হাসান জুটির। ৫৮ ইনিংসে ইমরুল কায়েস ও তামিম ইকবাল জুটির সংগ্রহ ২ হাজার ৪৩৩ রান। তবে আগের দুই জুটির চেয়ে অনেক কম ইনিংসেই ২ হাজার পূর্ণ হয়েছে মুশফিক-লিটনের। তাদের এই মাইলফলক ছুঁতে লেগেছে ৩৪ ইনিংস। ওয়ান্ডারার্স মাঠে লিটনের বিদায়ে দ্বিতীয় ইনিংসে এ জুটি থামে ৪৭ রানে। গলে ২০১৭ সালে শুরু। এখন পর্যন্ত এ জুটির সংগ্রহ রান ২০২৭ রান, গড় ৫৯.৬১।

জুটির ২ হাজার রান করতে তামিম-ইমরুলের লেগেছিল ৪০ ইনিংস। এই জুটির গড় ৪৩.৪৪ রান। খুলনায় ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে গড়া ৩১২ রানের জুটি তাদের সর্বোচ্চ। যা এখনও ওপেনিংয়ে দেশের সর্বোচ্চ জুটির রেকর্ড। সাকিব-মুশফিক জুটির ২ হাজার পূর্ণ হয় ৪৬ ইনিংসে। ওয়েলিংটনে ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫৯ রানের জুটি গড়ার পথে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করে এই জুটি। যা এখনও যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি।
এই সংস্করণে জুটির বিশ্ব রেকর্ড থেকে অবশ্য অনেক দূরে বাংলাদেশ। প্রায় ১৬ বছরে ১৪৩ ইনিংসে একসঙ্গে ব্যাটিং করে ৬ হাজার ৯২০ রান যোগ করেছেন ভারতের দুই কিংবদন্তি শচিন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়। তাদের ২০টি শতরানের জুটিও বিশ্ব রেকর্ড।

টেস্ট ক্রিকেটে ম্যাচের দুই ইনিংস মিলিয়ে চারবার ৩০০ রানের বেশি করেছে বাংলাদেশের কোনো জুটি। এর একটি লিটন ও মুশফিকের। প্রায় ৯ বছর ও ৩৪ ইনিংসে এখন পর্যন্ত শূন্য রানে ভাঙেনি এই জুটি।
২ হাজারের ক্লাবে বাংলাদেশের নতুন সংযোজনের পথে ৮টি শতরানের জুটি গড়েছেন মুশফিক ও লিটন। যা দেশের সর্বোচ্চ। ৬টি শতকছোঁয়া জুটি গড়ে দুইয়ে মুশফিকের সঙ্গে মুমিনুল হকের জুটি। তাদের জুটিও ২ হাজার করার খুব কাছে। এই জুটির সংগ্রহ ১ হাজার ৯৭০ রান।

মুশফিক-লিটনের সর্বোচ্চ ২৭২ রানের। মিরপুরে ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে স্রেফ ২৪ রানে পঞ্চম উইকেট পতনের পর প্রতিরোধ গড়ে দলকে নিরাপদ অবস্থানে নিয়ে যান তারা। ষষ্ঠ উইকেটে এটি এখনও বাংলাদেশের সর্বোচ্চ জুটি। দলকে বিপদ থেকে উদ্ধার করার আরও নজির রয়েছে তাদের। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ৪৯ রানে চতুর্থ উইকেট পতনের পর ২০৬ রান যোগ করেন মুশফিক ও লিটন। সিলেটে গত মে মাসে পাকিস্তানের বিপক্ষে পঞ্চম উইকেটে তারা গড়েন ১২৩ রানের গুরুত্বপূর্ণ জুটি। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ষষ্ঠ উইকেটে ১১৪ রানের জুটি গড়ে দলের বড় সংগ্রহের পথ সুগম করেন মুশফিক ও লিটন।