জয় দিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ ‘এ’ দল। কাতারের দোহায় গতকাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হংকং চায়নাকে বড় ব্যবধানে হারায় সাইফ হাসানের নেতৃত্বাধীন দল। হংকংয়ের দেয়া ২২০ রানের লক্ষ্য ৫৪ বল ও ৮ উইকেট হাতে রেখে টপকে যায় বাংলাদেশ।
এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১৯ রান সংগ্রহ করে হংকং। আগামীকাল ওয়েস্ট অ্যান্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে সাইফ হাসানের দল। ইউনিভার্সিটি অব দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি মাঠে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’ দল। হংকংয়ের ইনিংসের পঞ্চম ওভারেই প্রথম আঘাত হানেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। ব্যক্তিগত ১০ রানে ওপেনার জিসান আলীকে সাজঘরে ফেরান। দলীয় ৪০ রানের মাথায় বাবর হায়াতকে (১০) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন পেসার ইকবাল হোসেন ইমন। এরপর বল হাতে নিয়ে রিয়ানশ শর্মাকে (৪) সাজঘরে ফেরান অধিনায়ক সাইফ হাসান। ৫২ রানে ৩ উইকেট হারানো হংকং ঘুঁরে দাঁড়ায় চতুর্থ উইকেটে। দলের হাল ধরেন আংশুমান রাথ ও ইজাজ খান। চতুর্থ উইকেটে ১২৭ রানের জুটি গড়েন তারা। ওপেনার রাথ ব্যক্তিগত ৭৬ রানে বাঁহাতি স্পিনার রাকিবুলের শিকার হলে ফের চাপে পড়ে হংকং। একই ওভারে রানআউটে কাটা পড়েন প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত আব্দুল সামাদ (১)। ১৯২ রানে সপ্তম উইকেট হারায় হংকং। ১০৬ বলে ৫ চার ও ১ ছক্কায় ৬৭ রান করে সাজঘরে ফেরেন ইজাজ খান।
ফলে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২১৯ রানে থামে হংকং। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ইকবাল হোসেন ইমন। জবাবে ব্যাটিংয়ে নেমে ২৩ রানে ওপেনার পারভেজ হোসেন ইমনকে (১২) হারালেও শাহাদাত হোসেন দীপুকে নিয়ে চাপ সামাল দেন অধিনায়ক সাইফ হাসান। দুজনের ৮৪ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। শাহাদাত ৪৩ রানে ফিরলেও এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন সাইফ। এরপর সাইফকে যোগ্য সঙ্গ দেন ইয়াসির আলী। তিনিও ফিফটি তুলে নেন। ৪০তম ওভারে টানা তিন বলে তিনটি ছক্কা হাঁকিয়ে জয়ের পথ আরও সহজ করে তোলেন ইয়াসির। শেষ পর্যন্ত সাইফ ১১৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৮৬ এবং ইয়াসির ৫১ বলে ৫ ছক্কা ও ৩ চারে ৭১ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
