নো বল আর ক্যাচ মিসের খেসারত, শান্তর আক্ষেপ

নো বল আর ক্যাচ মিসের খেসারত, শান্তর আক্ষেপ

ফন্ট সাইজ:

প্রথম ইনিংসে ৪০০ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে জোহানেসবার্গ টেস্টে হার দেখলো বাংলাদেশ। নো বল এবং একের পর এক ক্যাচ মিসের খেসারত দিয়ে ৯ উইকেটের হার দেখে টাইগাররা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলের হারের পেছনে নিজেদের ভুলকেই বড় করে দেখছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই সঙ্গে দীর্ঘদিন ধরে দলে একজন মানসম্মত পেস বোলিং অলরাউন্ডার না থাকার আক্ষেপ তার কণ্ঠে।

জোহানেসবার্গ টেস্টে শুরুটা দারুণ করেছিল সফরকারী বাংলাদেশ। টস জিতে বা প্রথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৪০০ রান জমা করে টাইগাররা। কিন্তু বোলিং ও ফিল্ডিংয়ে খেই হারিয়ে ফেলে দল। হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে কন্ডিশনের অজুহাত দাঁড় করাতে চাননি অধিনায়ক। তিনি বলেন, ‘আমি কন্ডিশনের অজুহাত দিতে চাই না। শুরুতেই নো বলের কারণে উইকেট নেয়ার সুযোগ হাতছাড়া হয়েছে। রিকেলটনের ক্যাচ মিস হয়েছে। এই সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের চিত্রটা ভিন্ন হতে পারতো। আপনি বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলছেন। এত ভুল করে জয়ের আশা করা কঠিন। ভুল যত কম হবে, জয়ের সম্ভাবনা তত বাড়বে।’ পুরো ম্যাচে টাইগার বোলাররা ১২টি নো বল করেন। যার মধ্যে প্রথম ইনিংসে ১০টি এবং দ্বিতীয় ইনিংসে দুটি। নো বলের কারণে তিনটি আউট বাতিল হয় বাংলাদেশের। প্রথম ইনিংসে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ ওভার স্টেপিং এর কারণে উইকেট বঞ্চিত হন। দ্বিতীয় ইনিংসে এ তালিকায় নাম লেখান ইবাদাত হোসেন। এইডেন মার্করামকে সরাসরি বোল্ড করলেও নো বলের কারণে সেটি বাতিল হয়ে যায়। এছাড়া বাংলাদেশের ফিল্ডাররা তিনটি ক্যাচ ছাড়েন। দুইবার জীবন পান সেঞ্চুরি করা রায়ান রিকেলটন। শুন্য রানে লিটন ও ৩০ রানে অভিষিক্ত মাহফুজুল ইসলাম রবিন বাঁহাতি এ ব্যাটারের ক্যাচ ছাড়েন। এছাড়া তাসকিনের বলে স্লিপে জীবন পাওয়া রাবাদা করেন ৭৬ রান। বিশ্বসেরা দলের বিপক্ষে এমন ভুল মেনে নেয়া কঠিন বলে মনে করেন শান্ত। তিনি বলেন, ‘আমাদের শুরুটা ভালো ছিল। বিশেষ করে প্রথমে ব্যাটিং করে ৪০০ রান করেছিলাম।

তবে বিশ্বের
সেরা দলের বিপক্ষে আপনি এত ভুল করতে পারেন না। এত নো বল, এত ক্যাচ মিস, এসব কারণেই আমরা ম্যাচটি হেরেছি।’ বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে দলের ভারসাম্য রক্ষায় একজন পেস বোলিং অলরাউন্ডারের প্রয়োজনীয়তা অনুভব করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে নির্বাচক ও কোচিং প্যানেলের দৃষ্টি আকর্ষণ করেও সমাধান পাননি শান্ত। এ প্রসঙ্গে টাইগার অধিনায়ক বলেন, ‘পেস বোলিং অলরাউন্ডারের অভাব সব সময়ই অনুভব করি। এই জায়গায় আমরা সংগ্রামও করছি।

গত কয়েক বছর ধরে যারা নির্বাচক প্যানেলে ছিলেন কিংবা এখনও আছেন, তাদের একটি বার্তা দেয়া আছে, আমাদের একজন অলরাউন্ডার দেন। অন্তত একজন হলেও দেন। কিন্তু আমরা পাচ্ছি না। আশা করি, যারা কোচ হিসেবে কাজ করছেন, তারা এই ঘাটতি পূরণ করার মতো একজন-দুজন ক্রিকেটার তৈরি করে দেবেন।’ সেঞ্চুরিয়নে ২৩শে নভেম্বর শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। সিরিজে ১-০ তে পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য সেটি ঘুরে দাঁড়ানোর মঞ্চ।