‘হোম অব ক্রিকেট’ খ্যাত লর্ডস গ্রাউন্ডে প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ পুরুষ দল। ২০২৭ সালের ৩রা জুন ঐতিহাসিক এই ভেন্যুতে নেপালের বিপক্ষে খেলবেন লিটন-তামিমরা। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আয়োজনে ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০১৮ সালের জুলাইয়ে লর্ডসে নেদারল্যান্ডস ও নেপালের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর এখানে আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি হয়নি। ফলে আট বছর পর এই মাঠে ফিরছে ২০ ওভারের ম্যাচ। ৩রা জুন লর্ডসে একই দিনে টি-টোয়েন্টি ব্লাস্টে মিডলসেক্সের ম্যাচও রয়েছে। লর্ডসের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে আন্তর্জাতিক ও ঘরোয়া দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগামী বছরের মে মাসে যুক্তরাজ্য সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট দিয়ে সফর শুরু করবে টাইগাররা। যদিও সেই ম্যাচের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। এরপর ২৮শে মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। ১৭ বছর পর এ মাঠে টেস্ট খেলবে টাইগাররা। এই লড়াইয়ের আগে নেপালের কন্ডিশনে স্বাগতিকদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আগামী বছরের ২৬, ২৮ ও ৩০শে মার্চ কীর্তিপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল।
