পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল। ২০২১ সালে ২০শে সেপ্টেম্বর সবশেষ জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর সংস্কার কাজের জন্য এ মাঠে খেলা বন্ধ হয়ে যায়। সংস্কারের পর আন্তর্জাতিক ফুটবল ফিরলেও ঘরোয়া ফুটবলের কোনো ম্যাচ আয়োজিত হয়নি। ৬২ মাস পর ২৪শে নভেম্বর ফেডারেশন কাপের ফর্টিস এফসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির ম্যাচ দিয়ে আবারো জাতীয় স্টেডিয়ামে ফিরবে ঘরোয়া ফুটবল। একই দিনে দেশের আরও দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপের ম্যাচ।
মুন্সিগঞ্জে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। অন্যদিকে মানিকগঞ্জে ব্রাদার্স ইউনিয়নের প্রতিপক্ষ চট্টগ্রাম সিটি এফসি। বাফুফে ঘোষিত সূচি অনুযায়ী গ্রুপ পর্বের সাতটি ম্যাচ হবে জাতীয় স্টেডিয়ামে। নকআউট পর্বের ম্যাচগুলোও এই ভেন্যুতে হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি এবারের ফেডারেশন কাপের ম্যাচ আরও তিন ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। মাঠগুলো হচ্ছে- মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম ও মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম। গত ১২ই সেপ্টেম্বর ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হয়। এবারের মৌসুমে শিরোপার লড়াইয়ে খেলছে ১৩ দল। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে রয়েছে আবাহনী লিমিটেড, ফর্টিস এফসি, রহমতগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ইয়ংমেনস ও চট্টগ্রাম সিটি এফসি। ‘বি’ গ্রুপে বসুন্ধরা কিংস, পুলিশ এফসি, মোহামেডান, পিডব্লিউডি, আরামবাগ, সিটি ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স। এখন পর্যন্ত দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে ব্রাদার্স ইউনিয়ন। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুইয়ে চট্টগ্রাম সিটি এফসি। আর ‘বি’ গ্রুপে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধর কিংস। দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
এদিকে আন্তর্জাতিক বিরতির পর আবারো মাঠে ফিরছে বাংলাদেশ ফুটবল লীগ (বিএফএল)। আগামী ২৭শে নভেম্বর থেকে শুরু হবে ষষ্ঠ রাউন্ডের খেলা। বিরতির পর মাঠে ফিরেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চাইবে শীর্ষ ক্লাবগুলো। সেদিন আলাদা ম্যাচে মাঠে নামবে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ পুলিশ এফসি।
