ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য, দৈনিক মানবজমিনের জ্যেষ্ঠ প্রতিবেদক ফরিদউদ্দিন আহমেদের মাতা মা রোকেয়া বেগমের (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দিবাগত রাত ৩টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এর আগে বুধবার বিকেলে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। বৃহস্পতিবার সকাল ১১টায় ভোলার ভেদুরিয়ার জামে মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ফরিদ উদ্দিন আহমেদ-এর মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি পরিবারের সদস্যদের এ শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর কাছে ধৈর্য ও শক্তি কামনা করেন।
অপর এক শোকবার্তায় ডিআরইউর কার্যনিবার্হী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ বলেন, মায়ের মৃত্যু সন্তানের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। এই কঠিন সময়ে সহকর্মী ফরিদউদ্দিন আহমেদ ও তাঁর পরিবারের পাশে রয়েছে ডিআরইউ।
