ময়মনসিংহের তারাকান্দায় আশঙ্কাজনক হারে বেড়েছে গরু চুরির ঘটনা। গত ছয় মাসে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকের গোয়ালঘর ও ক্ষুদ্র খামার থেকে অর্ধশতাধিক গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন কৃষক ও খামারিরা। চুরি ঠেকাতে কার্যকর ব্যবস্থা না নেয়ার অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে। গত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ছয় মাসে উপজেলার রামপুর, কাকনী, তারাকান্দা ও বানিহালা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এসব চুরির ঘটনা ঘটে। সর্বশেষ গত মঙ্গলবার ভোরে উপজেলার পৃথক দু’টি গ্রামের দুই কৃষকের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রামপুর ইউনিয়নের বাট্টা গ্রামের রমজান আলীর দু’টি, তাইজুদ্দিনের দু’টি, আবুল কালামের দু’টি, কাকুরা গ্রামের আব্দুল আজিজের দু’টি, রুহুল আমিনের দু’টি এবং ফরিদপুর গ্রামের আব্দুল মতিনের একটি গরু চুরি হয়েছে। কাকনী ইউনিয়নের বাঁশতলা গ্রামের রফিকের তিনটি, হযরত আলীর একটি, আবু তাহেরের একটি এবং পল্লী চিকিৎসক নুরুল ইসলামের একটি গরু চুরি হয়েছে। তারাকান্দা ইউনিয়নের রূপচন্দ্রপুর-তোপারকান্দা গ্রামের ইউপি সদস্য আব্দুল হকের তিনটি, মোকাম্মেল হকের চারটি, আব্দুল কাদিরের দু’টি, দুলাল মিয়ার তিনটি, আব্দুল হাকিমের চারটি, ইদ্রিস আলীর দু’টি, মাসুদ মিয়ার চারটি, আমিনুল হকের চারটি, আব্দুর রফিকের দু’টি এবং হাবিবুর রহমানের দু’টি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া, রামচন্দ্রপুর গ্রামের আব্দুস সালামের চারটি এবং বানিহালা ইউনিয়নের পূর্ব তালদিঘী গ্রামের গোলাম মোস্তফার দু’টি গরু চুরি হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ দিয়েও কাঙ্ক্ষিত প্রতিকার মিলছে না।
রূপচন্দ্রপুর গ্রামের আব্দুল হক মেম্বার ও পূর্ব তালদিঘী গ্রামের গোলাম মোস্তফা জানান, গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ করলেও পুলিশ মামলা নেয়নি। অন্যদিকে, রামচন্দ্রপুর-তোপারকান্দা গ্রামের আব্দুল কাদির জানান, তার চারটি গরু চুরি হয়েছিল। পরে পুলিশ হালুয়াঘাট থেকে দু’টি গরু উদ্ধার করে। এলাকাবাসীর দাবি, আরও অনেক গরু চুরির ঘটনা ঘটলেও সব ঘটনা প্রকাশ্যে আসছে না। চুরি ঠেকাতে রাতের বেলায় পুলিশের টহল ও গোয়ালঘর এলাকায় নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন কৃষক ও খামারিরা। তবে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ।
তিনি বলেন, আমার কাছে অভিযোগ এলে আমি ব্যবস্থা নিচ্ছি। কয়েকজন চোরও ধরেছি। কেউ যদি বলে থাকে আমরা ব্যবস্থা নিচ্ছি না, সেটা ভুল। অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘তারাকান্দায় গরু চুরির ঘটনা কিছুটা বেশি। এখানকার কৃষকরা গরুগুলো অরক্ষিত অবস্থায় রাখেন। অনেক গোয়ালঘরে বেড়া নেই। এরপরও আমি ওসিকে বলবো, প্রত্যেক ভিটে পুলিশের ডিউটি আরও জোরদার করতে হবে।’
