নিজ আসনে উন্নয়নে মন্ত্রী আরিফের চমক

নিজ আসনে উন্নয়নে মন্ত্রী আরিফের চমক

ফন্ট সাইজ:

প্রকৃতির অনবদ্য সৌন্দর্যে সমৃদ্ধ সিলেট-৪ আসন। এবার এ আসনে উন্নয়ন বরাদ্দের নতুন এক ইতিহাস গড়েছেন শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তার প্রচেষ্টায় প্রায় ৯৯৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে সিলেট-৪ আসনের তিনটি উপজেলা। এতে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা কালিমা কাটিয়ে খুলেছে নতুন সম্ভাবনার দ্বার। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেয়া হয় প্রায় হাজার কোটির ওই প্রকল্পগুলো। সিলেট-৪ আসনের তিন উপজেলায় বরাদ্দ রয়েছে ৪২৩ কোটি ১০ লাখ টাকা।

এ প্রকল্পে গোয়াইনঘাটে ১৩৯ কোটি ৫০ লাখ, কোম্পানীগঞ্জে ১৫০ কোটি ৭৫ লাখ এবং জৈন্তাপুরে ১৩২ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ ছাড়া ‘জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পে’ বরাদ্দ রয়েছে ৫২০ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে তিন উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোর যোগাযোগ সক্ষমতা বাড়বে এবং আরও সহজ হবে স্থানীয় মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন। ‘সিলেট জেলাধীন গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পে’ আরও ৫০ কোটি টাকার ডিপিপি জারি হয়েছে। সড়ক যোগাযোগ উন্নয়নের পাশাপাশি সেতু নির্মাণেও রয়েছে বিশেষ উদ্যোগ। ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে সেতু নির্মাণ প্রকল্পের’ আওতায় গোয়াইনঘাট উপজেলায় ৮টি এবং কোম্পানীগঞ্জ উপজেলায় ৩টি সেতু নির্মাণের অনুমোদন রয়েছে। অর্থাৎ এ দুই উপজেলায় নির্মিত হবে মোট ১১টি সেতু। সবমিলিয়ে উল্লিখিত তিনটি অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সিলেট-৪ আসনের জন্য বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ৯৯৩ কোটি ১০ লাখ টাকা। এর বাইরে সেতু নির্মাণ প্রকল্পের আর্থিক বরাদ্দের পরিমাণ পৃথকভাবে উল্লেখ করা হয়নি।