শিক্ষার নানা ঘাটতি, অসঙ্গতির চিত্র উঠে এসেছে সাম্প্রতিক সময়ে হওয়া কয়েকটি গবেষণায়। শিক্ষার বরাদ্দের অর্থের নয়ছয়, অপচয়, শিক্ষার্থীদের শেখার দুর্বলতা, শ্রেণিকক্ষে শিশুদের নিজস্ব দক্ষতা কাজে না লাগানো, বিদ্যালয় পরিচালনায় জবাবদিহিতার অভাব, শিক্ষকদের দুর্বলতাসহ নানান বিষয় উঠে এসেছে এসব গবেষণায়। শুধু অবকাঠামো বা অর্থ বরাদ্দ বাড়ালেই শিক্ষার মান নিশ্চিত হবে না এমন পরামর্শ দিয়ে গবেষণা মূল্যায়নে বলা হয়েছে, প্রয়োজন কার্যকর ব্যবস্থাপনা, জবাবদিহি, শিক্ষক-শিক্ষার্থী সম্পৃক্ততা এবং সময়োপযোগী শিক্ষাদর্শন।
শিক্ষার্থীদের শেখার দুর্বলতার চিত্র উঠে এসেছে ইউনিসেফ ইনোসেন্টির ২০২৬ সালের সেপ্টেম্বরের ‘ড্রাইভারস অব লার্নিং ইন ডিফারেনশিয়েটেড ক্লাসরুমস’ শীর্ষক গবেষণায়। পাঁচ বিভাগের ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ে এ গবেষণা করা হয়। এতে দেখা যায়, ষষ্ঠ শ্রেণির ৯১ শতাংশ শিক্ষার্থী পঞ্চম শ্রেণির গণিতের অর্ধেক প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারেনি। বাংলায় এ হার ৬৫ শতাংশ। দুই বছর ধরে শিক্ষার্থীদের শেখার স্তর অনুযায়ী পাঠদানের উদ্যোগের পরও শেষ মূল্যায়নে ৯০ শতাংশ শিক্ষার্থী গণিতে এবং ৬০ শতাংশ বাংলায় প্রাথমিক বা শিক্ষানবিশ পর্যায়ে ছিল। ৯০ শতাংশ শিক্ষক পাঠ্যসূচি শেষ করার চাপকে এ ধরনের পাঠদানের প্রধান বাধা হিসেবে উল্লেখ করেছেন।
শিশুরা বাড়ি ও সমাজ থেকে নানা ধরনের জ্ঞান ও দক্ষতা অর্জন করলেও সেগুলো শ্রেণিকক্ষে যথাযথভাবে কাজে লাগানোর সুযোগ কম। ‘ডু টিচার্স সি স্টুডেন্টস নলেজ অ্যাজ আ রিসোর্স ফর চেঞ্জ?’ শীর্ষক গবেষণাটি ২০২৬ সালের ১৬ই জুন ‘জার্নাল অব রিসার্চ ইন চাইল্ডহুড এডুকেশন’-এ প্রকাশিত হয়। চার জেলার ১০ জন সরকারি প্রাথমিক শিক্ষকের সাক্ষাৎকারভিত্তিক এ গবেষণায় শিশুদের ছয় ধরনের দক্ষতা চিহ্নিত করা হয়েছে— পরিচর্যা, রান্নাবান্না, কৃষিকাজ, কারুশিল্প, সৃজনশীল ও পরিবেশনাশিল্প এবং শারীরিক দক্ষতা। শিক্ষকরা মনে করেন, এসব অভিজ্ঞতা কাজে লাগালে শিশুদের শেখার আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়তে পারে। তবে পাঠ্যক্রম, পরীক্ষার চাপ ও সময়ের অভাবে তা সম্ভব হচ্ছে না।
প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনব্যবস্থার সঙ্গে শিক্ষার্থীদের শিখনফলের সম্পর্ক উঠে এসেছে এসওএএস-এসিইর-২০২৬ সালের সেপ্টেম্বরের গবেষণায়। ‘গভর্ন্যান্স অ্যান্ড লার্নিং আউটকামস’ শীর্ষক এ গবেষণায় পাঁচ জেলার ৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্লেষণ করা হয়। এতে দেখা গেছে, শুধু প্রতিষ্ঠানের ধরন নয় বরং প্রধান শিক্ষকের কার্যকর ভূমিকা, অভিভাবকের অংশগ্রহণ ও জবাবদিহির সঙ্গে শিখনফলের সম্পর্ক রয়েছে। রাজনৈতিক হস্তক্ষেপ, যোগসাজশ এবং অতিরিক্ত অর্থ দিতে না পারা পরিবারগুলোকে সিদ্ধান্ত গ্রহণ থেকে বাদ দেয়ার ঝুঁকির কথাও উঠে এসেছে।
শিক্ষার্থীদের সম্পৃক্ততা ও শিক্ষার মানের সম্পর্ক পাওয়া গেছে ‘সেজ ওপেন’-এ ২০২৬ সালের ৮ই অক্টোবর প্রকাশিত আরেকটি গবেষণায়। পাঁচটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ইন্টার্নশিপ-সংশ্লিষ্ট বিদ্যালয়ের ১০০ জন প্রধান শিক্ষকের মতামত নিয়ে গবেষণাটি করা হয়। এতে শ্রেণিকক্ষের কার্যক্রম, মূল্যায়ন, পেশাগত সহায়তা ও বিশ্ববিদ্যালয়-বিদ্যালয় সমন্বয়ের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ততার ইতিবাচক সম্পর্ক পাওয়া গেছে। পাঁচটি বিষয়ের মধ্যে সমন্বয়ের সম্পর্ক সবচেয়ে শক্তিশালী। শিক্ষার্থীদের সম্পৃক্ততা ও শিক্ষার মানের সম্পর্কের পরিসংখ্যানিক সহগ ০.৬৪৬। উচ্চশিক্ষার মানের সঙ্গে সম্পদের পর্যাপ্ততার সম্পর্ক উঠে এসেছে ‘ডিসকভার এডুকেশন’-এ ২০২৫ সালের ২৯শে নভেম্বর প্রকাশিত গবেষণায়। ২৯৪ শিক্ষার্থী ও ১১৮ শিক্ষকসহ মোট ৪১২ জনের মতামত নিয়ে করা এ গবেষণায় মানবসম্পদ, অবকাঠামো এবং আর্থিক ও লজিস্টিক সহায়তা বিবেচনা করা হয়। গবেষকদের পরিসংখ্যানিক মডেলে সম্পদের পর্যাপ্ততা ১ শতাংশ বাড়লে শিক্ষার মানে ০.৮৭ শতাংশ উন্নতির সম্পর্ক পাওয়া গেছে। অন্যদিকে প্রাথমিক শিক্ষায় অর্থের অপচয় ও দুর্নীতির তিনটি ক্ষেত্র চিহ্নিত করেছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের (সোয়াস) অ্যান্টি-করাপশন এভিডেন্স (এসওএএস-এসিই) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) ২০২৫ সালের মার্চে প্রকাশিত গবেষণায়। পাঁচ জেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করা এ গবেষণায় প্রথমত, প্রকৃত শিক্ষার্থীর বাইরে ১০ শতাংশ বা তার বেশি ভুতুড়ে শিক্ষার্থী দেখানোর ঘটনা উঠে এসেছে। এসব শিক্ষার্থীর নাম সরকারি বিদ্যালয়ে থাকায় অতিরিক্ত বরাদ্দ ও উপবৃত্তি পাওয়ার সুযোগ তৈরি হয়। দ্বিতীয়ত, স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান বা এসএলআইপি তহবিল ছাড়ের ক্ষেত্রে উপজেলা শিক্ষা অফিসের প্রতিনিধিদের অনানুষ্ঠানিক ফি দাবি এবং উন্নয়ন বরাদ্দের অপব্যবহারের তথ্য পাওয়া গেছে। তৃতীয়ত, শিক্ষক অনুপস্থিতি, শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার ও ব্যক্তিগত কাজে সময় দেয়ার মতো ঘটনা তুলে ধরা হয়। অনেক অভিভাবক বিদ্যালয়ে পাঠদানের মান নিয়ে অভিযোগ না করে একই শিক্ষকের কাছে সন্তানকে স্কুলের পর প্রাইভেট পড়ান বলেও গবেষণায় উল্লেখ রয়েছে।
ছয়টি গবেষণার ফলাফল একসঙ্গে দেখলে শিক্ষার সংকটের নানা দিক সামনে আসে। কোথাও সরকারি অর্থের সঠিক ব্যবহার ও তদারকির ঘাটতি, কোথাও শিক্ষার্থীর শেখার ভিত্তি দুর্বল, আবার কোথাও শ্রেণিকক্ষে শিশুর নিজস্ব অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ সীমিত। বিদ্যালয় পরিচালনা, শিক্ষক-অভিভাবক সম্পর্ক, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিদ্যালয়ের সমন্বয় এবং উচ্চশিক্ষায় সম্পদের পর্যাপ্ততার বিষয়গুলোও শিক্ষার মানের সঙ্গে সম্পর্কিত।
সার্বিক জানতে চাইলে গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের শিক্ষার দর্শনটা আগে ঠিক করতে হবে। আমাদের নির্দিষ্ট কোনো পলিসি নাই। আমাদের দর্শনটা ঠিক করার পর কারিকুলাম যুগোপযোগী করতে হবে। বর্তমানে এআই যোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, আমাদের শিক্ষা প্রশাসন ডিসেন্ট্রালাইজড করা খুবই জরুরি। সব কাজের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ঢাকা। প্রশাসনকে ডিসেন্ট্রালাইজড করতে পারলে ব্যাপক সুবিধা মিলবে। বিগত আওয়ামী সরকারের সময় আমরা দেখেছি শিক্ষকরা লেজুরবৃত্তির রাজনীতিতে যুক্ত ছিলেন ব্যাপক পরিমাণে। যা শিক্ষার জন্য খুবই ক্ষতিকর। বর্তমান সরকারের সময়েও শিক্ষকদের মধ্যে এই রাজনীতি লক্ষ্য করা যাচ্ছে।
