বশির আহমেদ আজীবন সম্মাননা পেলেন রুনা লায়লা ও শবনম

বশির আহমেদ আজীবন সম্মাননা পেলেন রুনা লায়লা ও শবনম

ফন্ট সাইজ:

বরেণ্য সংগীতশিল্পী, গীতিকার ও সংগীত পরিচালক প্রয়াত বশির আহমেদের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বশির আহমেদ সম্মাননা-২০২৬’ এ আজীবন সম্মাননা পেয়েছেন উপমহাদেশের দুই কিংবদন্তি শিল্পী রুনা লায়লা ও অভিনেত্রী শবনম। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সারগাম সাউন্ড স্টেশনের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র সহযোগিতায় অনুষ্ঠিত হয় এ আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এমপি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহা. হারুন-অর-রশীদ। বশির আহমেদের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন তার দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশির।

শবনম ও রুনা লায়লা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সম্মাননা পেয়েছেন— বরেণ্য সাংবাদিক রফিকুজ্জামান, সংগীতশিল্পী আবিদা সুলতানা ও রফিকুল আলম, লোকসংগীতশিল্পী দিলরুবা খান, গীতিকবি মুনশী ওয়াদুদ, সুরকার ও সংগীত পরিচালক দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সেতারশিল্পী উস্তাদ ফিরোজ খান, কথক নৃত্যশিল্পী সাজু আহমেদ, সৌন্দর্যশিল্পের অগ্রপথিক জারিনা আসগর, দেশীয় পোশাক রূপকার বিপ্লব সাহা, তবলাশিল্পী সীমা, শাহ মোহাম্মদ হান্নান এবং প্রবাসী বাঙালি চিকিৎসক খালেদ ভূঁইয়া।